২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরুর প্রস্তাব দিয়েছে মালয়শিয়া

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের বাস্তবায়নের কাজ এখনই শুরু করার প্রস্তাব দিয়েছে মালয়শিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিমাত কনসোর্টিয়াম। যোগাযোগ মন্ত্রণালয়ে বুধবার এক সভায় সরকারের কাছে প্রস্তাব দেয় আজিমাত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ছয়টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত মালয়শিয়ার আজিমাত কনসোর্টিয়াম’র সাথে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যারিস্টার নাজমুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫৮২৪ কোটি টাকা প্রকল্প ব্যয়সাপেক্ষে ২১০ কি.মি. দীর্ঘ এবং চার লেন বিশিষ্ট ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়েটি (দ্বিতীয় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক প্রকল্প) নির্মাণ কাজ কাজ এখনই শুরু করার জন্য বিনিয়োগকারীরা সরকারের কাছে প্রস্তাব রাখে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মালয়শিয়ার কনসোর্টিয়াম মেসার্স আজিমাত বারসাটু এসডিএন’র চেয়ারম্যান আইআর হাজি মান্নান বিন আমির এবং প্রকল্পটি বাস্তবায়নে অর্থলগ্নীকারী মালয়শিয় এলাইয়েন্স মার্চেন্ট ব্যাংকের পরিচালক ফ্রান্সিস থনজ সভায় উপস্থিত ছিলেন। এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যাংকের প্রয়োজনীয় অর্থের সহায়তা প্রদান, ঢাকায় কেন্দ্রীয় প্রকল্প অফিস স্থাপন এবং মালয়শিয়া ও বাংলাদেশের প্রকৌশলীদের জন্য সাইট অফিস স্থাপনের বিষয়সহ আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর বিষয় নিয়ে যোগাযোগ মন্ত্রী ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকৌশলীদের সাথে তারা আলোচনা করেন।

৫ বছর মেয়াদী এই প্রকল্পটি বাস্তবায়নের পর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য এটি হবে একটি পৃথক রুট। আধুনিক এই এক্সপ্রেসওয়ে নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, সোনাগাজী, সীতাকুন্ড ও হাটহাজারী পাড় হয়ে চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দুতে স্পর্শ করবে বলে সভায় জানানো হয়।

এই রাস্তার মাঝে চারটি স্থানে টোল আদায় করা হবে। প্রতিটি লেন চওড়া হবে সাড়ে তিন মিটার (প্রায় ১২ ফুট) তবে ভবিষ্যতে আট লেন করার ব্যবস্থা থাকবে। এছাড়া ইমার্জেন্সী লেনও থাকবে। বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিসিটিভি ক্যামেরা থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে। দীর্ঘ এ পথের নির্দিষ্ট কিছু স্থানে পার্কিং পয়েন্ট, পেট্রোর/সিএনজি পাম্প, টয়লেট, বিশ্্রামাগার, নামাজের স্থান এবং থাকবে ফুডকোর্ট।

এই মহসড়ক নির্মাণের জন্য নির্মাতা প্রতিষ্ঠানকে মেঘনা ও শীতলক্ষায় দুটি সেতুও নির্মাণ করতে হবে। সুষ্ঠু ট্রাফিকের প্রয়োজনে কিছু কিছু স্থানে শর্ট ফ্লাইওভার নির্মাণ করা হবে।

এই মহসড়কটি নির্মাণের সম্পূর্ণ ব্যয়ভার নেবে মালয়শিয়ার ছয়টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোন প্রকার অর্থ যোগান দিতে হবে না। তবে এই বিনিয়োগের শর্ত হল বিনিয়োগসহ লভ্যাংশ তুলে নেয়ার জন্য সংশ্লিষ্ট কনসোর্টিয়ামকে ৩০ বছর টোল আদায় করতে দিতে হবে এবং এর রক্ষণাবেক্ষণের কাজও তারাই করবে। এক্ষেতেও টোল আদায়ের বছর হতে ১০ বছর পর্যন্ত ট্যাক্স হলিডে দেয়ার প্রস্তাব করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন মালয়শিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান সমূহের কনসোর্টিয়ামের সাত সদস্যের প্রতিনিধি সদস্যবৃন্দ এবং যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, সচিব মো: শফিকুল ইসলাম, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এআরএম আনোয়ার হোসেন এবং সওজ প্রকৌশলীবৃন্দ।