২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়রিয়া এবং অপুষ্টিতে ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার কমিয়ে আনার আহ্বান

ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জার্তিক কংগ্রেসের সমাপনি দিনে বুধবার বক্তরা ডায়রিয়া এবং অপুষ্টিতে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার কমিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আইসিডিডিআর,বি “শিশুর অপুষ্টি এবং অন্ত্র-সম্বন্ধীয় রোগ: মোকাবেলায় আমাদের ভূমিকা কি যথেষ্ট?” শীর্ষক অষ্টম কমোনওয়েলথ কংগ্রেস আয়োজন করে।

অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক গ্যাসট্রোয়েনটারোলোজি অ্যান্ড নিউট্রিশন (সিএপিজিএএন)এর সভাপতি করাচী আগা খান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো সম্মেলনের সমাপ্তির দিনে সাংবাদিকদের বলেন, ডায়রিয়া রোগের ওপর এ যাবত যথেষ্ট গবেষণা করা হয়েছে এবং এখন এই গবেষণার ফলাফল থেকে বাস্তবায়নের চর্চা প্রয়োজন।

তিনি বলেন, শুধুমাত্র পুষ্টির নিশ্চয়তাই কমোনওয়েলথ ভূক্ত দেশগুলোর দশ লাখ শিশুর জীবন বাচাঁতে পারে।

অধ্যাপক ভুট্টো বলেন, পাঁচ বছরের নিচের শিশুদের মধ্যে ৭০ শতাংশ শিশু জন্মের প্রথম বছরেই মারা যায়। খুব ছোট শিশু মৃত্যুর ঝুঁকি বেশি এবং বেশির ভাগ শিশুর মৃত্যুই হয় বাড়িতে চিকিৎসা সুবিধা কম থাকার কারণে।

তিনি লাঙ্কেট মেডিকেল জার্নালে প্রকাশিত একটি নিবন্ধের কথা উল্লেখ করে বলেন, বর্তমান যে ব্যবস্থা রয়েছে তা প্রয়োগ করা গেলে ৫৫ শতাংশ শিশু মৃত্যুর হার কমানো সম্ভব।

আধুনিক চিকিৎসা নয়, বরং মায়ের দুধ খাওয়ানো, সঠিক খাবার খাওয়ানো, ভিটামিন এ এবং আয়রন খাওয়ানো হলে শিশু মৃত্যুহার কমানো যাবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আইসিডিডিআর,বি এর পুষ্টি বিষয়ক প্রধান ড. তাহমিদ আহমেদ এবং অভ্যন্তরীণ সম্পর্ক এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন এর প্রধান ড. ইশতিয়াক এ জামান এ সময় উপস্থিত ছিলেন।

শিশুদের অপুষ্টি এবং ডায়রিয়ায় অনুন্নত দেশগুলোতে প্রতিদিন ৩২ হাজার পাঁচ বছরের কম বয়সী শিশু মারা যায় এবং অপুষ্টির কারণেই এর অর্ধেক মৃত্যু হয়।