রাবি শিক্ষক ড. তাহের হত্যাকান্ডের নির্দেশদাতা অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষক ড. মহিউদ্দিনকে ৬ দিনের রিমান্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রবীণ শিক্ষক ড. এস তাহের আহমেদ হত্যাকান্ডের নির্দেশদাতা অভিযোগে গ্রেফতারকৃত একই বিভাগের শিক্ষক ড. মিয়া মো. মহিউদ্দিনকে ৬ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
মতিহার থানা পুলিশ বুধবার ড. মহিউদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হত্যাকান্ডের সাথে বিভাগের আর কোন শিক্ষক জড়িত আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে এবং কয়েকজন শিক্ষকের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়। এ পরিস্থিতিতে বিভাগের অন্য শিক্ষকদের মধ্যে গ্রেপ্তার আতংক বিরাজ করছে।
ড. মহিউদ্দিনকে মঙ্গলবার গ্রেপ্তারের পর তার ক্যাম্পাসের বাসভবনে নিরাপত্তার কারণে পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে বিভাগীয় শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটে বুধবারও ক্যাম্পাস ছিল অচল। হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন সকাল থেকেই ক্যাম্পাসে মিছিল সমাবেশ শুরু করে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সিনেট ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে।
অন্যদিকে ড. তাহের হত্যাকান্ডে একই বিভাগের শিক্ষক মিয়া মহিউদ্দিনের গ্রেপ্তারে স্তম্ভিত হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের গোটা শিক্ষক সমাজ। শিক্ষকরা বিশ্বাসই করতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কিভাবে অপর একজন শিক্ষককে খুন করতে বা খুনের নির্দেশ দিতে পারেন।
পুলিশের একটি সূত্র জানায়, তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে, তবে হত্যার পরিকল্পনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খাতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ড. তাহেরের কেয়ারটেকার জাহাঙ্গীরের দেওয়া স্বিকারোক্তি অনুযায়ী এই হত্যাকান্ডের পরিকল্পনাকারী একাধিক থাকলেও মূল নির্দেশদাতা গ্রেপ্তারকৃত শিক্ষক মিয়া মহিউদ্দিন তা প্রায় নিশ্চিত, তবে তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা বিস্তারিত জানার জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে।
ক্যাম্পাসের কয়েকজন শিক্ষক সহ বেশ কয়েকটি সূত্র জানায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ফুফাত ভায়রা ড. মিয়া মহিউদ্দিন ক্যাম্পাসে প্রভাবশালী শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন, যে কারণে নিশ্চিত না হয়ে তাকে গ্রেপ্তার করা ছিল বেশ কঠিন। রাজনৈতিক প্রভাবের কারনে হত্যাকান্ডের সুষ্ঠ বিচার নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সূত্র আশংকা প্রকাশ করছে ঘটনার সাথে অন্যকোন শিক্ষ সহ রাজনৈতিক স্বার্থের সংশ্লিষ্টতা থাকতে পারে।
পুলিশ আরো জানায়, আাগে রিমান্ডে নেওয়া গার্ড জাহাঙ্গীর, তার পিতা নাজিমউদ্দিন, ভাই আব্দুস সালাম ও ভগ্নিপতি নাজমুলকে জিজ্ঞাসাবাদ অব্যহত রয়েছে।
