ইসি’র তিন দিনব্যাপী প্রকল্প চক্র ব্যবস্থাপনা কোর্স সমাপ্ত
ইউরোপীয় কমিশনের এশিয়া লিংক কর্মসূচির আওতায় প্রকল্প চক্র ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে।
ঢাকায় ব্র্যাক সেন্টার ইনে ৬ ফেব্রুয়ারি থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।
এশিয়া লিংক প্রোগ্রামে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে বাংলাদেশের ৪০ টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। তিনজন ইউরোপীয় কনসালট্যান্ট এ প্রশিক্ষণ পরিচালনা করেন।
দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, চীন ও ইউরোপের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে বহুপাক্ষিক সমন্বয়ের জন্য এশিয়া লিংক প্রোগ্রাম চালু করেছে ইউরোপীয় কমিশন।
ইউরোপীয় কমিশন এ লক্ষ্যে এশিয়ার ১৭ টি সম্ভাব্য দেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপন করে ১৫৬ টি অংশীদারিত্ব প্রকল্পে ৫৩০ লাখ টাকার প্রতিশ্রুতি দিয়েছে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা এবং পুরনো অংশীদারিত্ব জোরদার এবং স্থায়ী সংযোগ স্থাপনে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
