২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল্লাহ’র আইন প্রতিষ্ঠা করতে দেশে বোমা হামলা চালিয়েছি: ১৬৪ ধারায় জবানবন্দিতে জেএমবি কমান্ডার আউয়াল

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর উত্তরাঞ্চলীয় কমান্ডার ও সংগঠনটির প্রধান শায়খ আবদুর রহমানের জামাতা আব্দুল আউয়াল জানিয়েছে, সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের বাঁচাতেই আমরা জেহাদের ডাক দেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আমরা মানুষের তৈরি আইনকে পরাজিত করে আল্লাহ’র আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ আগস্ট এবং তার পরে দেশের আদালত এবং অন্যত্র বোমা হামলা চালিয়েছি।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বুধবার ১৬৪ ধারায় জবানবন্দিতে জেএমবি’র সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমান্ডার আব্দুল আউয়াল (৩০) এ কথা জানায়।

বুধবার মহানগর হাকিম শফিক আনোয়ার দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আউয়ালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।

বেলা ১১টার দিকে আউয়ালকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট তাকে নিয়ম অনুযায়ী, সে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে কি দেবে না এ ব্যাপারে ভাবার সময় দেন।

জবানবন্দিতে আউয়াল জানায়, যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় লেখাপড়া করার সময় শায়খ আবদুর রহমানের সাথে তার পরিচয় হয়। সে জেএমবি’র মজলিসে শুরার একজন সদস্য।

আউয়াল বলে, সারা বিশ্বে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে, তার বিহিত করার, জন্যে শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের নেতৃত্বে তারা জেহাদের ডাক দেয়। বোমা হামলার ঘটনাগুলো ঘটার অনেক আগে থেকেই লন্ডন থেকে অন্য একজন আবদুর রহমান তার কাছে ১০ হাজার পাউন্ড পাঠায়। সে অর্থ অস্ত্র ও সরঞ্জাম কিনতে ব্যয় করা হয় বলে সে জানায়।

আউয়াল বলে, জেএমবি’র আহ্বান সরকার না মানলে এবং তাদেরকে উল্টো হয়রানি করার ফলে তারা সরকার হঠানোর জন্যে পরিকল্পনা করে। সে বাংলাদেশেই সামরিক প্রশিক্ষণ নিয়েছে। সে নিজেই রংপুর থেকে পুরো উত্তরবঙ্গে জেএমবি’র কার্যক্রম পরিচালনা করতো।

রাজধানীর বাসাবোর একটি বাড়িতে বসে বৈঠকের মাধ্যমে ১৭ আগস্ট বোমা হামলার পরিকল্পনা করা হয় বলে আউয়াল জানায়।

আউয়ালকে বুধবার নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় পাঁচদিনের রিমান্ড শেষ হওয়ার আগেই সিএমএম আদালতে আনা হয়।

জবানবন্দি গ্রহণ শেষে আদালত আউয়ালকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে জেএমবি’র সামরিক কমান্ডার আতাউর রহমান সানি বুধবার মহানগর হাকিম মোঃ জাহাঙ্গীর আলমের খাস কামরায় দুপুর ২টা থেকে বেলা ৫টা পর্যন্ত দেশে বোমা হামলার বিস্তারিত বর্ণনা, জেএমবি’র উত্থান, অর্থযোগানের ব্যাপারে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় ।