২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের বিচারে দুর্নীতি দমন কমিশনে সুর্নিদিষ্ট সংস্কার চায় মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন উচ্চ পদস্থ দুর্নীতি দমন কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, জাতীয় সংহতি রক্ষায় যারা সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতির তদন্ত করে থাকেন তাদের ক্ষমতায়ন করা এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে বাংলাদেশ সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 10:14 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যান্টি করাপশন ও গর্ভনেন্স ইনিসিয়েটিভ পরিচালক ডেভিড এম লুনা বলেন, সম্ভাবনাময় গণতন্ত্রের ক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা। এধরনের দেশগুলোতে দুর্নীতি সম্পর্কে জনগণের অনুধাবন দেশের নাগরিকদের চোখে সরকারকে বৈধতা দেয় না । এটি সর্বোচ্চ পর্যায়ে গণতান্ত্রিক সরকারের আইনের শাসন বজায় রাখার সক্ষমতাকে দুর্বল করে তোলে।

আমেরিকান সেন্টারের আয়োজনে ঢাকার কয়েকজন সাংবাদিকের সাথে ওয়েব আলোচনাকালে তিনি বলেন, দুর্নীতি গণতন্ত্র ও আইনের শাসনকে অস্থিতিশীল করে তোলে। এটি বিদেশি বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনকে বাধাগ্রস্ত করে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা কর্মীদের পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করে।

সরকারের নিয়ন্ত্রণাধীন দুর্নীতি দমন কমিশন কিভাবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করতে পারবে এ সম্পর্কে প্রশ্ন করা হলে লুনা বলেন, পুরোমাত্রায় কার্যকর হতে হলে এসিসিকে অবশ্যই পুরোপুরি স্বাধীন হতে হবে।

তিনি বলেন, কর্তব্য পালন করতে ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার করতে কমিশনের অবশ্যই সম্পদ ও প্রয়োজনীয় আইনি কর্তৃপক্ষ থাকা প্রয়োজন।

পত্রিকায় প্রকাশিত কয়েকটি সংবাদের উল্লেখ করে তিনি বলেন, কমিশনের ধীরগতিতে সূচনার জন্যে আইন ও কাঠামোর অনুপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। সত্যিকার অর্থে সাফল্য পেতে হলে এসিসি’র আইনরক্ষাকারী বাহিনী, নিরপেক্ষতা এবং এটি যে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে জনগণের এমন আস্থা থাকতে হবে। দেশের কুচক্রী মহলকে মোকাবেলা করতে সবচে’ কার্যকরী  উপায় হল পরীক্ষা-নিরীক্ষা করা ও হিসাব ঠিক রাখা।

দুর্নীতির সাথে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, অর্থমন্ত্রীর ছেলে নাসের রহমানের সম্পৃক্ত থাকার অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে লুনা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে প্রতিরোধ, চিহ্নিতকরণ ও অবরোধ আরোপের সমন্বয়ে গড়া একটি সার্বিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

সরাসরি জবাব না দিয়ে লুনা বলেন, দুর্নীতি প্রতিরোধের একটি প্রধান জায়গা হচ্ছে নীতিমূলক আইন ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়গুলো উন্নত করা। পৃথিবীর অনেক দেশেই বিনিয়োগ, অন্যান্য উৎস থেকে সংগৃহীত উপহার, আয় ও আয়ের উৎস সম্পর্কে তথ্য ও সম্পদের বিস্তারিত বিবরণ সংবলিত অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ করতে হয়।

মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্ট (এমসিএ) এ বাংলাদেশের প্রবেশাধিকারের পথে দুর্নীতি কোন বাধা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি এমসিএ তহবিলের জন্য যোগ্যতা অর্জনে বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যে প্রয়োজনীয় ক্ষেত্রগুলো শক্তিশালী করতে লুনা পরামর্শ দিয়েছেন। তার পরামর্শের মধ্যে রয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও তার নিয়ন্ত্রণ শাখাকে শক্তিশালীকরণ, সরকার কিভাবে দেশ পরিচালনা করে তার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ব্যবসায়িক আইনের মানোন্নয়ন।

বাংলাদেশ ইউএন কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (ইউএনসিএসি) অনুমোদন না করার পেছনে কারণ কি- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত লড়াইয়ের ক্ষেত্রে ইউএনসিএসি একটি গুরুত্বপূর্ণ যন্ত্র ও ফোকাল পয়েন্টে পরিণত হয়েছে।

কিন্তু বাংলাদেশ কেন তা অনুমোদন করেনি তা তার কাছে স্পষ্ট নয় বলে লুনা জানান।

মার্কিন কর্মকর্তা বলেন, এ গুরুত্বপূর্ণ অংশে অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগদান করতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্যে আমি উৎসাহিত করছি।

পুলিশ বাহিনীতে দুর্নীতি দমন করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে লুনা বলেন, আমেরিকান পুলিশ বাহিনীতে দুর্নীতি দমনের বিষয়টি বহু বছর উদ্বেগের বিষয় হিসেবে গণ্য ছিল। কোন কোন ক্ষেত্রে এটি এখনও সমস্যা।

মার্কিন প্রেসিডেন্টের ‘নো সেফ হ্যাভেন’ নীতির আওতায় বাংলাদেশের কোন কর্মকর্তা, আইনপ্রণেতা অথবা রাজনীতিবিদকে আমেরিকায় প্রবেশের উপর বাধা প্রদান করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনও উত্তর দেননি।

তবে তিনি বলেছেন, প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন অনুযায়ী আমাদের জাতীয় স্বার্থের উপর ব্যাপক প্রভাব ফেলবে এমন দুর্নীতিবাজ কর্মকর্তার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার মার্কিন যুক্তরাষ্ট্র কেড়ে নিতে পারে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের কর্মতৎপরতার সুফল ভোগ করতে এ ঘোষণা ওই কর্মকর্তাকে বিরত রাখে।

বিচার বিভাগের পৃথকীকরণ সুশাসনের জন্য কল্যাণকর কোনও বিষয় কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, পুরো ব্যবস্থার অখন্ডতা নিশ্চিত করতে হলে পরীক্ষা-নিরীক্ষা ও ব্যালেন্স যাচাই করা জরুরি। একটি স্বাধীন বিচার ব্যবস্থা দেশের স্বার্থকে নিরাপত্তা দেয় এই বলে যে, কেউই আইনের উর্ধ্বে নয়।