লোহার খাঁচা ভেঙে থানা থেকে পালিয়েছে গুইসাপ
লোহার খাঁচা ভেঙে পুলিশের সামনেই থানা থেকে পালিয়েছে আটক করা গুইসাপ। মুন্সীগঞ্জ সদর থানায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।
থানার ওসি নাজমুল ইসলাম জানান, ছয় ফুট লম্বা এবং প্রায় এক মণ ওজনের ওই গুইসাপটিকে মুন্সীগঞ্জ-বিক্রমপুরের প্রত্যন্ত অঞ্চল চরকেওয়ার থেকে আটক করা হয়। আনিস (২২) নামে এক যুবক সোমবার দুপুরে তার বন্ধুদের নিয়ে ফাঁদ পেতে তাকে আটক করে বস্তায় ভরে থানায় নিয়ে আসে। আনিসের অভিযোগ, গুইসাপটি প্রায়ই তাদের বাড়িতে মুরগী খেতে আসতো।
ওসি জানান, প্রাণীটিকে চিড়িয়াখানায় দেওয়ার জন্যে বন বিভাগে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছিল।
থানায় লোহার খাঁচায় আটক বিশাল এই প্রাণীটিকে দেখতে স্থানীয় লোকজনের ভীড় লেগে যায়। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারও থানায় ছুটে আসেন তাকে দেখতে।
কিন্তু তাদের সবার উপস্থিতিতেই সে পালিয়ে যায়। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে। তবে তার ভয়ঙ্কর কা-কীর্তির কারণে সকল উদ্যোগ ব্যর্থ হয়।
পালানোর পর প্রথমে সে পাশের পুকুরে অবস্থান নেয় এবং তারপর থেকে তাকে আর দেখা যাচ্ছে না।
আশপাশের বাড়ির লোকজন এনিয়ে আতঙ্কে আছে।
