আড়িপাতা আইন দেশে ভীতিকর অবস্থা সৃষ্টি করবে: আ. লীগ
টেলিফোনে আড়িপাতাকে বৈধ করে সংসদে উত্থাপিত আইনকে মৌলিক অধিকার পরিপন্থী হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাংসদরা।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় আওয়ামী লীগ সাংসদ পঞ্চনন বিশ্বাস ও আব্দুল হাই বলেন, আড়িপাতা আইনের কারণে দেশে দুর্নীতি বাড়বে। জনগণ আইন প্রযোগকারী সংস্থার দ্বারা হয়রানির শিকার হবে। সার্বিকভাবে এক ভীতিকর অবস্থার সৃষ্টি হবে।
সভায় সরকারি দলের সাংসদ মেহেদী আহমেদ রুমি বলেন, আইনটি অপব্যবহার রোধেও বিধান থাকা উচিৎ। তবে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আইনটি প্রয়োজনে সংশোধন করা হবে।
জিএম ফজলুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কাজী গোলাম মোর্শেদ, আলী কদর, করিম উদ্দিন চৌধুরী। সভায় বিরোধী সদস্যদের নোট অব ডিসেন্ট থাকা সত্ত্বেও “টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০০৬” চুড়ান্ত করা হয়।
পরে আব্দুল হাই সাংবাদিকদের জানান, বিরোধী দলের পক্ষ থেকে বিলটি প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। এ ধরণের আপত্তিকর আইন আমরা মেনে নিতে পারিনা। তিনি বলেন, আইনটি যারা বাস্তবায়ন করবেন, তারা এর আওতার বাইরে থাকবেন।
রোববার সংসদে উত্থাপিত ওই বিলে টেলিফোনের কথা রেকর্ড করাকে বৈধতা দেওয়া হয়েছে। এ আইন অনুযায়ী টেলিফোন সংস্থাগুলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ মানতে বাধ্য হবেন। কেউ এ আইন অমান্য করলে কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে। এ আইনের আওতায় রেকর্ড করা তথ্য আদালতে স্বাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে।
