২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার কুমারখালীতে সোমবার শুরু হয়েছে পাগল সম্মেলন

দীর্ঘ চার বছর পর সোমবার পঞ্চম বারের মতো কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী পাগল সম্মেলন। উপজেলার দুর্গাপুর হাইস্কুল মাঠে সকাল থেকেই পাগলরা আসতে থাকে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এবারের পাগল সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এডিডি।

কুমারখালীর নির্ভেজাল পাগল কমিটি এবং পাগল পরিচর্যা ও পুনর্বাসন কমিটি মনে করছে, এবারই সবচে বড় ও আকর্ষণীয় পাগলের মেলা বসেছে। এবারের সম্মেলনে পাঁচশ পাগল জড়ো হবে বলে তারা আশা করছেন। তবে পাগলদের দেখতে আসা সুস্থ্য মানুষের সংখ্যা হবে এর কয়েক গুণ।

সম্মেলনে আসা সব পাগলদের নিয়ে  সোমবার সকাল ১০ টায় র‌্যালি বের হয়। কিছু কিছু পাগলকে দড়ি দিয়ে বেধে র‌্যালিতে রাখা হয়। র‌্যালি শেষে নির্ভেজাল পাগল কমিটি মানসিক অসুস্থদের সামাজিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় তাদের ১৪ দফা দাবি উত্থাপন করে। তাদের এ দাবির মধ্যে ১৯১২ সালের উন্মাদ আইনের বাস্তবায়ন।

এবারের পাগল সম্মেলন ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। পাগল সম্রাট বলে খ্যাত মোহসিন সিদ্দিক লালুকে সভাপতি করে সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বেশ কয়েকদিন আগে থেকেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয় এবং এলাকায় ব্যাপক পোস্টারিংও করা হয়েছে।

বিডিনিউজের সাথে আলাপকালে লুলু পাগল বলেন, আমরা পাগল নই, মানসিকভাবে অসুস্থ্য। সবাই আমাদের অবজ্ঞা করে।

তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে আমরা জানান দিতে চাই, পাগলরাও একতাবদ্ধ হতে জানে।

পাগল সম্রাট লুলু পাগলের পাগল দরদী মনোভাব থেকেই এ সম্মেলনের সূচনা। ১৯৫২ সালে মেট্রিকুলেশন করেন লুলু। চাকরি নেন বিজি প্রেসে। হঠাৎ চাকরি ছেড়ে চলে আসেন। পরে আবার চাকরি নেন সড়ক ও জনপথ বিভাগের কুমারখালী ফেরিঘাটে। প্রথম সন্তান মারা যাওয়ার পর থেকেই মাঝে মাঝে পাগল হয়ে যান লুলু। অসম্ভব পাগল দরদী এ মানুষটি দুঃখ করে বলেন, পাগলদের কেউ দেখতে পারে না। দুর দুর করে, ঢিল ছুঁড়ে, লাথি মারে।

লুলু জানান, ১৯১২ সালের উন্মাদ আইনের বাস্তবায়নের মাধ্যমে মানসিক অসুস্থ্যদের সরকারি ভাতা ও সামাজিক মর্যাদা প্রদান, নির্দয় আচরণ বন্ধ করা এবং প্রত্যেক সরকারি হাসপাতালে মানসিক বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করতে।