২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে সমাজে শিক্ষকদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষেরও নিরাপত্তা নেই: ঢাবি শিক্ষক সমিতির সমাবেশে বক্তারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শরীফ উল্লাহ ভুঁইয়া বলেছেন, শিক্ষকতার মহান পেশায় এসে শিক্ষকদের জীবন এখন বিপন্ন। যে সমাজে শিক্ষকদের নিরাপত্তা নেই, সে সমাজে সাধারণ মানুষেরও নিরাপত্তা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 04:37 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তাহের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

শিক্ষক সমিতি একই দাবিতে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে।

এসময় শিক্ষকরা বটতলায় এক ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করেন। এরপর কালো ব্যাজ পরিধান করে একটি মৌন মিছিল নিয়ে টিএসসি, দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

অধ্যাপক শরীফউল্লাহ ভুঁইয়া আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইউনুস, অধ্যাপক তাহের হত্যার বিচার না হওয়ায় শিক্ষকদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি অধ্যাপক তাহের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে দেশ বাঁচানোর দাবি জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক গোলাম রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো.আখতারুজ্জামান বলেন, এখন দলীয় দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যারা কাজ করছে তারাই হত্যার শিকার হচ্ছেন। হত্যাকারীরা সরকারের ছত্রছায়ায় আছে বলে এসব হত্যাকাণ্ডের বিচার হচ্ছেনা।

তিনি আরো বলেন, অধ্যাপক তাহের হত্যার বিচার না হলে ঢাবি শিক্ষক সমিতি কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

রাবি শিক্ষক হত্যার এতদিন পেরিয়ে গেলেও এ ব্যাপারে চ্যান্সেলর এখনও কোনো পদক্ষেপ নিচ্ছেন না, এটা জাতির জন্যে চরম অবমাননার বিষয়।