২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লানীতি: নেতিবাচক দিক বিদেশী বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে

বিশেষজ্ঞরা বাংলাদেশের খসড়া কয়লানীতিতে বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে পেলেও তারা বলছেন, এই নীতির নেতিবাচক শর্তগুলো সামগ্রিকভাবে বাংলাদেশের কয়লাখাতকে বিদেশী বিনিয়োগকারীদের কাছে আকর্ষনহীন করে তুলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 03:01 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

তাদের মতে ইতিবাচক দিকগুলোর অন্যতম হলো উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলন ও খনন কাজের প্রাথমিক পর্যায়ে অধিক খরচ পুষিয়ে নেওয়ার জন্য কয়লা রপ্তানির সুযোগ, বাংলাদেশের উত্তরাঞ্চলকে কয়লা অঞ্চল ঘোষণা, খনির পাশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং পশ্চিমাঞ্চলের রেল ও বন্দর অবকাঠামো উন্নত করা।

প্রস্তাবিত কোটার আওতায় প্রাথমিক ভাবে প্রতি এক টন কয়লা দেশে বিক্রির বিপরীতে দুই টন রপ্তানি করা যাবে এবং পরবর্তীতে প্রতি টন দেশে বিক্রির বিপরীতে সমপরিমান কয়লা রপ্তানি করা যাবে। রপ্তানির ক্ষেত্রে এই শর্ত কয়লাখনিকে অর্থনৈতিকভাবে অলাভজনক করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

খনি কাজের ব্যাপক মূলধনী খরচ বিদেশী মুদ্রায় হলেও কয়লানীতির প্রস্তাবে বলা হয়েছে, দেশে বিক্রিত কয়লা বাংলাদেশী মুদ্রায় বিক্রি করতে হবে।

খসড়া কয়লানীতিতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন কয়লার বর্তমান গড় মূল্য ৫০ মার্কিন ডলার ধরে বিক্রিত কয়লার ক্ষেত্রে ১৬ শতাংশ রয়্যালটি প্রস্তাব করা হয়েছে। কর্পোরেট ট্যাক্স ও যন্ত্রপাতির উপর আমদানি শুল্ক বিবেচনায় এই রয়্যালটির হার আকর্ষনীয় হবেনা বলে তারা মনে করেন।

ইন্দোনেশিয়ায় মাটির উপরিভাগের কাছাকাছি কয়লার স্তর থাকায় উত্তোলন খরচ এবং বন্দর খনির নিকটবর্তী হওয়ায় যানবাহন ব্যয় অনেকাংশে কম বলে সেখানে রয়্যালটির হার তুলনামূলকভাবে একটু বেশী - ১২ শতাংশ।

বর্তমানে প্রচলিত আইনের আওতায় উন্মুক্ত খননে বাংলাদেশে রয়্যালটির হার ৬ শতাংশ - যা আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতিপূর্ন।

খসড়ানীতিতে কয়লাখনির পাশে বাধ্যতামূলকভাবে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে। কিন্তু খনি বাস্তবায়নকারী কোম্পানিগুলো সবক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পারদর্শী নাও হতে পারে। তাই তারা এই অতিরিক্ত শর্ত পালনে অনিচ্ছা প্রকাশ করতে পারে। কয়লাখনি বিশেষজ্ঞরা মনে করেন, কয়লাখনির পাশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বাধ্যতামূলক না করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে সুবিধা প্রদান করলে তা’ বাস্তবসম্মত হবে।

খসড়াটিতে অনেক বেশি নিয়ম ও নিয়ন্ত্রন রয়েছে যা বাংলাদেশে কয়লা উত্তোলনকে অতিনিয়ন্ত্রিত করবে বলে তারা মনে করেন। খননকারী প্রতিষ্ঠানের পরিবর্তে আমলা দ্বারা নিয়ন্ত্রিত হলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হবে না বলেও আশংকা রয়েছে।

খসড়া কয়লানীতিতে উচ্চাকাক্সখা পোষন করে বলা হয়েছে, ২০১৬ সালের মধ্যে বার্ষিক ২০ মিলিয়ন টন এবং ২০২৬ সালের মধ্যে ৪০ মিলিয়ন টন কয়লা উত্তোলিত হবে। এই উচ্চাকাঙ্খা পোষন করা হয়েছে যদিও সম্পদ অনুসন্ধান ও আবিস্কার, যাবতীয় লজিষ্টিকস একত্রীকরণ, সামাজিক ও পরিবেশ রক্ষা ও নিরাপত্তার আন্তর্জাতিক মাপের প্রস্তুতি ইত্যাদি সম্পন্ন করে খনির উত্তোলন কাজ শুরু করতে ১৫ বছরের মতো সময় লাগে।

ইন্দোনেশিয়ায় ৫২৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি কয়লাখনিতে প্রথম কয়লা পর্যন্ত পৌছাতে রিও টিনটো ও বিপি (বৃটিশ পেট্রোলিয়াম) কোল কোম্পানিকে উপরের স্তরের ৩০০,০০০ ঘন মিটার মাটি সরাতে হয়েছিল। ফুলবাড়িতে খনির কয়লা পর্যন্ত পৌছাতে উপরের স্তরের থেকে ১৬০,০০০,০০০ ঘন মিটার মাটি খনন করে সরাতে হবে যা ইন্দোনেশিয়ার চেয়ে ৫০০ গুনেরও বেশি।

বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে মুক্ত বাজার ও প্রতিবন্ধকহীন কয়লাখনি শিল্প প্রতিষ্ঠা করতে শুধু পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রেই কঠোর নীতি থাকা প্রয়োজন।