ঢাকা ও নওগাঁ থেকে জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৫, নওগাঁয় গ্রেনেড ও অস্ত্র উদ্ধার
র্যাব সদস্যরা গত ২৪ ঘন্টায় ঢাকা ও নওগাঁ থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)- এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা নওগাঁয় জেএমবির একটি আস্তানা থেকে চারটি তাজা গ্রেনেড, একটি সেভেন পয়েন্ট ৬৫ মিলিমিটার পিস্তল, একটি শাটার গান, একটি গুলিভর্তি পিস্তলের ম্যাগাজিন, একটি খালি ম্যাগাজিন, তিন রাউন্ড সেভেন পয়েন্ট ৬৫ মিলিমিটার পিস্তলের গুলি, চারাটি কার্তুজ, তিনটি কমান্ডো নাইফ (ছুরি) এবং একটি স্প্রিং নাইফ উদ্ধার করেছে।
র্যাব-১ সদস্যরা জেএমবি সন্দেহে ঢাকা থেকে একজনকে গ্রেপ্তার করে। সৌদি এয়ারলাইন্সে দেশ ত্যাগের সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম ফরিদ।
নওগাঁ থেকে গ্রেপ্তারকৃত চার জেএমবি নেতা ও সদস্য হলো- নজিপুর পৌরসভার মাদ্রাসাপাড়ার জিল্লুর রহমানের ছেলে জালাল উদ্দিন (৩৬), পার্শ্ববর্তী হরিরামপুর এলাকার রজব আলীর ছেলে কাউসার আলী (২২), একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে সাইদুল ইসলাম (২৪) এবং পত্মীতলা উপজেলার দূর্গা আয়াল গ্রামের মাহবুব মণ্ডলের ছেলে মোশাররফ হোসেন (২২)। এদের মধ্যে জালাল উদ্দিন জেএমবি’র পত্মীতলা থানা শাখার কমান্ডার।
র্যাব-৫ এর অধিনায়ক মেজর ফারুক জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত ২টা থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এসব অস্ত্র উদ্ধার করা হয়।
ঢাকায় র্যাব সদস্যরা জেএমবি সদস্য সন্দেহে বেলা ২টার দিকে সৌদি এয়ার লাইন্সের এসবি-৮০১ ফ্লাইটে করে সৌদি আরবের উদ্দেশে দেশত্যাগের আগে ফরিদকে গ্রেপ্তার করে। পরে র্যাব সদস্যরা তাদের ব্যটেলিয়নে নিয়ে গিয়ে তাকে জ্ঞিাসাবাদ করছে।
ফরিদের বাবার নাম ইলিয়াস। তার বাড়ি হবিগঞ্জের লাখাই থানার নকলাব গ্রামে।
এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।
