রা বি অধ্যাপক হত্যা ঘটনায় ২জন গ্রেপ্তার, বিক্ষোভে ক্যাম্পাস উত্তাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহেরের নৃশংস হত্যার সাথে জড়িত অভিযোগে শিক্ষক স্টাফ কোয়ার্টারের একজন নিরাপত্তা প্রহরীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, রাবি’র রেজিষ্টার আবদুস সালাম এবং নিহত অধ্যাপকের ছেলে সানজীদ আহমেদ এ ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলা দুটিতে আসামী হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।
এদিকে, হত্যাকান্ডের প্রতিবাদে শনিবার রাবি’র সব ক্লাস এবং প্রশাসনিক কাজকর্ম বন্ধ থাকে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, উদীচী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যানারে শত-শত শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও ছাত্র-ছাত্রীরা দিনভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে। তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
একই সময়ে, রাবি সিন্ডিকেট এক এক জরুরী সভা করে। সভায় হত্যাকান্ডের প্রতিবাদে রোববার কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সভায় অধ্যাপক হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য দাবি জানানো হয়।
হত্যাকান্ডের পর রহস্যজনক আচরণের কারণে শুক্রবারই শিক্ষক স্টাফ কোয়ার্টারের নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। স্বীকারোক্তি মোতাবেক তার পরিচিত নাজমুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। নাজমূল স্থানীয় একটি ওয়েল্ডিং কারখানার শ্রমিক।
জাহাঙ্গীর এবং নাজমুল, দুজনেই নগরীর মেহেরচন্ডীপাড়ার বাসিন্দা।
শুক্রবার রাবি শিক্ষক ড. এসএম তাহেরের লাশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পশ্চিমপাড়া শিক্ষক কোয়ার্টার এলাকার একটি ম্যানহোল থেকে উদ্ধার করা হয়।
অধ্যাপক তাহের গত বুধবার ঢাকা থেকে রাজশাহী পৌঁছাবার কয়েক ঘন্টা পর থেকেই নিখোঁজ ছিলেন।
অধ্যাপক তাহের ছিলেন ভূতত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিজ্ঞান অনুষদের ডীন। এছাড়া তিনি বিজ্ঞান ও কারিগরী ওয়ার্কশপের প্রশাসনিক দায়িত্বেও ছিলেন।
