২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে সন্ত্রাসী দু গ্রুপের বন্দুকযুদ্ধে আহত ৪

রাজধানীর পল্লবীতে শুক্রবার সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসী দুই গ্রুপের বন্দুকযুদ্ধে কমপক্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 09:59 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তিকৃত আহত তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, পল্লবীর ১১ নং সেকশনের ১৭ নং সড়কের ৩৩১ নম্বর বাড়ির বাসিন্দা নুরুল হকের পুত্র মো. শহীদুল ইসলাম (৩৫), সি ব্লকের মেডিক্যাল ক্যাম্পের বাসিন্দা মনিরুল হকের পুত্র মো. সোহেল (২০) এবং আহমেদ আলীর পুত্র মো. নাদিম (২৫)। বক্ষব্যাধি হাসপাতালে ভর্তিকৃত আহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ছয়টার দিকে সাংবাদিক কলোনির তালতলা সড়কে সশস্ত্র দু’ গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। আহতরা নিজেদের পথচারী বলে পরিচয় দিয়েছে এবং বন্দুকযুদ্ধের সময় এলোপাতাড়ি গুলিতে তারা আহত হয়েছে বলে জানায়।

বন্দুকযুদ্ধে জড়িতদের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বা সন্ত্রাসীদের কাউকে সনাক্ত করতে পারেনি।

এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।