ঢাকার বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষকসহ ৭ জন নিহত
ঢাকার খিলগাঁও ও ধামরাইয়ে শুক্রবার রাতে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষকসহ সাতজন নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খিলগাঁ’র সিপাহীবাগ এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭ টায় ট্রাক চাপায় খুলনা মূক ও বধির স্কুলের প্রধান শিক্ষক এমএ তাহের (৬৫) ও অজ্ঞাত পরিচয়ের এক রিকশা চালক ঘটনাস্থলেই নিহত হন।
একই সময়ে ধামরাইর ছিলামপুর বাসস্ট্যান্ডের কাছে দুটি যাত্রীবাহী বাসের মূখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক জন আহত হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ সব ঘটনায় এলাকাবাসী স্থানীয় সড়ক বন্ধ করে দেয়। এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
খিলাগাঁয় এমএ তাহের সিপাহীবাগ থেকে ওষুধ কিনে তার ৩৩১ মেরাদিয়ার বাসায় ফিরছিলেন।
এ সময় একটি ভারী মেশিনবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার রিকসার ওপর পড়ে যায়। এতে ট্রাক চাঁপা পড়ে চালক ও শিক্ষক তাহেরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ট্রাকটি পুলিশ আটক করেছে।
এদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় ধামরাইর ছিলামপুরে ঢাকা থেকে আরিচাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ধামরাই-ঢাকা রুটের একটি বাসের মূখোমুখি সংঘর্ষ হয়।
ধামরাই-ঢাকা রুটের বাসটি বরযাত্রী নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এতে দুই বাসের আরো ৫০ জনের বেশি যাত্রী আহত হয়।
