পাবনা ও কুষ্টিয়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ: নিহত ১, আহত ৩৫
পাবনা ও কুষ্টিয়ায় শুক্রবার বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে মতিন ওরফে মাতুই (৩৫) নামের আওয়ামী লীগ কর্মী নিহত এবং উভয় ঘটনায় অন্ততপক্ষে ৩৫ জন আহত হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, তাল গাছ কাটার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলার কুমারখালীতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু’দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় এক জন নিহত এবং অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সমর্থিত সর্দ্দার গ্রুপ ও বিএনপি সমর্থিত বিশ্বাস গ্রুপের মধ্যে দীর্ঘ দিন বিরোধ লেগে ছিল। সর্দ্দার গ্রুপের আবুল কাশেম বিতর্কিত সীমানার একটি তাল গাছ কাটতে গেলে মোফাজ্জল ও নাসিরের নেতৃত্বে প্রতিপক্ষ বিশ্বাস গ্রুপের লোকজন বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষে সর্দ্দার গ্রুপের লোকজন লাঠি-সোটা, ইটপাটকেল নিক্ষেপ করে। প্রতিপক্ষ বিএনপি সমর্থিত বিশ্বাস গ্রুপের লোকজন আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে মাথায়, বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে মতিন ঘটনাস্থলেই প্রাণ হারায়। এছাড়া শহিদুল, ফারুক, আমিনুর, কনক, আশরাফুল, মতিয়ার, কিরন, মুছা ও সাইদুলসহ দু’গ্রুপের অন্ততঃ ২০ জন আহত হয়। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় নজরুল ও আনিস নামের দুজনকে গ্রেপ্তার করেছে।
পাবনা প্রতিনিধি জানান, জেলার সুজানগরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। আব্দুল মজিদ নামের সুজানগর পৌর আওয়ামী লীগের এক নেতার শুক্রবার বিএনপিতে যোগদানের কথঅ থাকায় স্থানীয় বিএনপি সুজানগর কলেজ মাঠে বাদ জুম্মা এক জনসভার আয়োজন করে। আওয়ামী লীগ নেতারা আব্দুল মজিদকে অজ্ঞাত স্থানে আটক রেখেছে- উপজেলায় এ ধরণের খবর রটে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এসময় তারা সুজানগর বাজারের কয়েকটি দোকান ভাংচুর করে।
আহত ব্যক্তিরা হল, সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম মাষ্টার (৫৫), সাধারণ সম্পাদক আব্দুল ওহাব (৪৫), প্রচার সম্পাদক টুটল (৩০) এবং ছাত্রলীগ নেতা জুয়েল (২৬) সহ ১৫ জন। আহতদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক। আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে।
উভয় ঘটনায় উভয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
