২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েরবাজারে অগ্নিকাণ্ডে ২০০ বস্তিঘর ছাই, আহত ২০

নগরীর রায়েরবাজার এলাকায় বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে দু’শ বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 10:17 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট, পুলিশ ও শতশত এলাকাবাসী প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বস্তিবাসীরা অভিযোগ করে যে, তাদেরকে উচ্ছেদ করার জন্যে পরিকল্পিতভাবে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে বস্তিতে আগুন লাগানো হয়েছে।

মোহাম্মদপুর বাঁধের কাছে সাদেক খানের বস্তি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় মোহাম্মদপুর থানা।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, একটি বস্তিঘর থেকে রাত ৯টায় প্রথম আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের পাশাপাশি পলাশী, ধানমণ্ডি, মোহ্ম্মাদপুর, মিরপুর, লালবাগ ও ডেমরা ইউনিট থেকেও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘনবসতি এবং সরু এলাকার কারণে অগ্নি নির্বাপক সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে অনেক সময় লেগে যায়।

এলাকাবাসী জানায়, সরকারের অনুমতি নিয়ে দুই বছর আগে খাস জমিতে এ বস্তি স্থাপন করা হয়। তাই তাদেরকে উচ্ছেদ করার জন্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে তারা অভিযোগ করে।

পুড়ে যাওয়া ৫০টির বেশি বস্তিঘরের মালিক রানী বেগম বলেন, সরকারের অনুমতি পাবার পর তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব বস্তিঘর নির্মাণ করেছিলেন।

তিনি বলেন, ‘এর আগে আমরা শুনেছিলাম যে, জমি দখল করার উদ্দেশ্যে কিছু অসাধু ব্যক্তি বস্তি উচ্ছেদের পায়তারা চালাচ্ছে।’

তবে মোহাম্মদপুর পুলিশ এ অভিযোগ অস্বীকার করে জানায়, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে, স্থানীয় সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মকবুল হোসেন বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।