রাঙ্গামাটিতে অবৈধ দখলদারীদের উচ্ছেদ অভিযানকালে সংঘর্ষে ৩ পুলিশসহ ১১ জন আহত
রাঙ্গামাটিতে সরকারি হ্যাচারি প্রকল্প এলাকায় অবৈধ ভুমি দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে পুলিশ ও দখলদারদের সাথে সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও দুইজন পুলিশ কনস্টেবলসহ ১১ জন আহত হয়েছে। আহত দখলদারদের আটজনই নারী, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হকের নেতৃত্বে শতাধিক পুলিশ সরকারি হ্যাচারি প্রকল্প এলাকায় ২২টি অবৈধ ঘর উচ্ছেদ করতে যায়। এসময় অবৈধ দখলদারীরা বাঁধা দিলে পুলিশ লাঠি চার্জ করে। এতে উচ্ছেদকারীরা ইটপাটকেল ছুড়ঁলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ খসরুল হক, পুলিশ কনস্টেবল মোঃ জুয়েল রানা ও অজ্ঞাত এক কনস্টেবল আহত হয়। এছাড়া পুলিশের লাঠি চার্জে দখলদারীদের মধ্যে গৃহবধু ইনুনি বেগম (২৫), রোকেয়া (৪২), গোলছা (৪০), রহিমা (৩৫), হাজেরা (২৫), ছায়রা (২৫), জহুরা (৪৫), আমরুন নেসা (৪০) ও নূর নাহার (৩০) আহত হয়। এদের মধ্যে আট জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ইনানী বেগমের মাথায় মারাত্মক আঘাত লাগে।
ওই প্রকল্প এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। উচ্ছেদের সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সূজিত দেওয়ান জাপান, মূসা চৌধুরী, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ মোবারক হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মনোতোষ চাকমা উপস্থিত ছিলেন।
