বদলে যাচ্ছে ন্যাম ফ্লাটের নাম
বদলে যাচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউর ন্যাম ভবনের নাম। এগুলোকে ‘সদস্য ভবন’ বা ‘সংসদ সদস্য ভবন’ অথবা অন্য কোনো নাম দেওয়া হতে পারে ।
জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠকে বুধবার এ ব্যাপারে সিদ্ধান্ত হলেও নতুন নামকরণ কী হবে, তা চূড়ান্ত হয়নি।
বৈঠকে আওয়ামী লীগের শাহজাহান খান এই প্রস্তাব দিলে কমিটির সভাপতিসহ সকলেই তাকে সমর্থন করেন বলে বৈঠক সূত্রে জানা যায়।
সূত্র জানায়, বৈঠকে সংসদ এলাকার সীমানা চিহ্নিতকরণের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়।
পর্চার হিসেবে সংসদ এলাকার আয়তন ১৯৮ একর হলেও বর্তমানে এর আয়তন রয়েছে ২০১ একর।
সীমানা চিহ্নিত করতে কমিটি হুইপ আশরাফ হোসেনের নেতৃত্বে একটি সাব-কমিটি গঠন করে।
কমিটির সভাপতি চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শাহজাহান খানসহ অন্যরা অংশগ্রহণ করেন।
এতে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় এমপিদের আবাসস্থল ‘ন্যাম ফ্লাট’ নামক ভবনগুলোর নিরাপত্তা জোরদার করতে পুলিশ নিয়োগ করার সুপারিশ করা হয়। বৈঠকে বিএনপি থেকে বহিষ্কৃত সাংসদ আবু হেনার স্থলে হুইপ আশরাফ হোসেনকে ওই সাব-কমিটির আহবায়ক করা হয়। বৈঠকে চিফ হুইপ বলেন, আবু হেনা চিকিৎসার জন্যে বিদেশে গেছেন। তার ফেরার সময় অনিশ্চিত। এ অবস্থায় কমিটি পুনর্গঠন করা জরুরি।
এ প্রস্তাবে সরকার দলীয় সদস্যরা একযোগে সম্মতি জানান। তবে আওয়ামী লীগের শাহজাহান খান মৃদু হেসেই সম্মতি দেন।
