জেএমবি’র উত্তরা থানার আঞ্চলিক কমান্ডার আকাশকে ২ মামলায় গ্রেপ্তার
জেএমবি’র টঙ্গী ও উত্তরা থানার আঞ্চলিক কমান্ডার আবদুল্লাহ আল সোহাইল আল মারুফ ওরফে আকাশকে বুধবার উত্তরা থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটককৃত আকাশ জেএমবি’র সামরিক কমান্ডার আতাউর রহমান সানি’র ঘনিষ্ট সহযোগী ও বোমা তৈরির প্রশিক্ষক।
উত্তরা ১১(১)০৬ অস্ত্র আইন এবং উত্তরা ১২(১)০৬ বিস্ফোরক আইন মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিন রিমান্ড চাওয়া হলে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার আসামির উপস্থিতিতে ৫ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন।
এদিকে একই ম্যাজিস্ট্রেটের খাস কামরায় উত্তরা থানার অপর মামলা উত্তরা ১৪ (১) ০৬ এ ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ ওরফে হাবিব ১৬৪ ধারায় নিজেকে ‘জেএমবি’র গায়েবী এহসার সদস্য’ স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়।
গত ৫ জানুয়ারি হাবিবকে কোটবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার দেয়া তথ্যমতে র্যাব-১ বাহিনী জঙ্গি আকাশকে সোমবার আশুলিয়া বাজারের টোল প্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করে।
হাবিব তার জবানবন্দীতে জানায় যে, শায়খ আবদুর রহমান তাদের নেতা।
