২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও মির্জাপুরে ৩ জেএমবি সদস্য আটক, ২টি গ্রেনেড উদ্ধার

গাজীপুর ও মির্জাপুর থেকে পুলিশ তিন জেজএমবি সদস্যকে আটক এবং দু’টি শক্তিশালী গ্রেনেড উদ্ধার করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পুলিশ জানায়, মঙ্গরবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে জহিরুল ইসলাম (২২) ও ইমরান (২৩) এবং মির্জাপুর উপজেলার আজগোনা গ্রাম থেকে মাহমুদুর রহমান রাসেল (২৫) নামে জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার এবং ওই গ্রেনেড দু’টি উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, গাজীপুরে গ্রেপ্তার জহিরুল ও এমরানের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী টাঙ্গাইলের মির্জাপুর থেকে মাহমুদুর রহমান রাসেলকে গ্রেপ্তার করা হয়।

রাসেলের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তার বাড়ির আঙ্গিনার পাশের জঙ্গলের ভেতর গর্ত খুঁড়ে শক্তিশালী গ্রেনেড দু’টি উদ্ধার করে।

রাসেল ও এমরানকে মির্জাপুর এবং জহিরুলকে জয়দেবপুর থানায় ইতোপূর্বে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার জহিরুলকে গাজীপুর আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড প্রার্থনা করা হলে ম্যাজিস্ট্রেট মাহমুদুল কবির মুরাদ তা মঞ্জুর করেন।

সূত্র জানায়, জহিরুল ১৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বোমা হামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এছাড়াও ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর গাজীপুরের আদালত পাড়ায় বোমা হামলায় তার হাত ছিল।

ইতোপুর্বে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য আরিফ ওরফে হাসিব ওরফে আকাশ পুলিশ রিমান্ডে কালিয়াকৈরের নামাশুলা গ্রামের ইউসুফ আলীর ছেলে জহিরুল ইসলামের কাছে দু’টি গ্রেনেড রাখার তথ্য দিয়েছিল।