২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবিভাগ পৃথকীকরণে সময় বৃদ্ধির আবেদন সুপ্রিমকোর্টে আবারও নাকচ

নির্বাহী বিভাগ থেকে বিচারবিভাগ পৃথকীকরণের জন্যে সরকার চার মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল, বুধবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগ সরকারের সে আবেদন নাকচ করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

এ নিয়ে দ্বিতীয় বারের মত সময়সীমা বৃদ্ধির আবেদন নাকচ করা হল।

সরকারের আবেদন নাকচ করার পাশাপাশি বিচার বিভাগ পৃথকীকরণ মামলা বলে পরিচিত মাজদার হোসেন বনাম সরকারের মধ্যেকার মামলার রায় অমান্য করার অভিযোগে নয়জন আমলার বিরুদ্ধে দায়েরকৃত আদালত অবমাননা মামলার শুনানি হাইকোর্টের আপিল বিভাগ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন।

নির্বাহী বিভাগ থেকে বিচারবিভাগ পৃথকীকরণে দেওয়া সুপ্রিম কোর্টের ১২-দফা নির্দেশ পালন করতে আরো চার মাসের সময় চেয়ে সরকারের পক্ষ থেকে এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আদালতের কাছে যে আবেদন জানিয়েছেন, প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদাচ্ছির হোসেন ও অপর পাঁচ বিচারককে নিয়ে গড়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সে কারণে এটর্নি জেনারেলকে অভিযুক্ত করেছেন।

আদালত এটর্নি জেনারেলকে জানান, সরকারের সময় চাওয়ার আবেদনের ব্যাপারে সুপ্রিম কোর্ট তিন মাসেরও বেশি সময় আগে সিদ্ধান্ত নিয়েছে। হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে সরকারের অগ্রগতি সম্পর্কে কোনও তথ্য যদি আপনার কাছে থাকে তাহলে তা আমাদেরকে অবহিত করুন, আমরা তা শুনবো। আমাদেরকে লজ্জাকর পরিস্থিতিতে ফেলবেন না, মিস্টার এটর্নি জেনারেল।

এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আদালতকে জানান, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ একটি চলমান প্রক্রিয়া এবং সরকার সে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার ক্ষেত্রে কিছু টেকনিক্যাল বিষয় বাস্তবায়ন করতে আমরা সময় প্রার্থনা করেছিলাম।

তবে আদালত জানিয়েছেন, আদালতের নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কোন ইতিবাচক অগ্রগতি সরকার দেখাতে ব্যর্থ হয়েছে।

সময় প্রার্থনার আবেদন প্রত্যাখ্যান করে আদালত জানান, টেকনিক্যাল বিষয়ের কথা বলবেন না। আমরা টেকনিক্যাল বিষয়গুলো জমা দেওয়ার কথা ইতোমধ্যে শুনেছি। নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা কর্তৃপক্ষকে বলেছি।

এর আগে ২০০৫ সালের ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনার ভিত্তিতে বিচারবিভাগ পৃথকীকরণে চার মাস সময় চেয়ে সরকারের অনুরূপ একটি আবেদন সুপ্রিম কোর্ট নাকচ করে দেয়।

সরকারের পক্ষ থেকে এটর্নি জেনারেল অফিস বিচারবিভাগ পৃথকীকরণের জন্যে গত সোমবার সুপ্রিমকোর্টে চারমাস সময় চেয়ে আবারও আবেদন করে।

নির্বাহী বিভাগ থেকে বিচারবিভাগ পৃথকীকরণে সরকার ইতোমধ্যে ২২ বার সময় বৃদ্ধির আবেদন করেছে।

জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠনের বিধি প্রণয়নে দেয়া সুপ্রিম কোর্টের নির্দেশনা ভঙ্গ করার অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত আদালত অবমাননা মামলার শুনানি এরপর আপিল বিভাগে অনুষ্ঠিত হয়।

মাজদার হোসেনের পক্ষে ব্যারিস্টার আমির উল ইসলামের দায়ের করা আপিলের ভিত্তিতে এ শুনানি অনুষ্ঠিত হল।

২০০৪ সালের ১৩ এপ্রিল আদালত অবমাননার মামলাটি দায়ের করা হয়। পিটিশনে তৎকালীন আইন সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, সংস্থাপন সচিব সফররাজ হোসেন খান ও অর্থ সচিব জাকির হোসেনকে বিবাদী করা হয়।

আদালত জানান, বিবাদীরা হয় অন্য কোথাও বদলি হয়ে গেছেন নতুবা তারা অবসরে গেছেন।

ব্যারিস্টার আমির উল ইসলাম আদালতকে জানান, তারা (বিবাদীরা) সুপ্রিম কোর্টের নির্দেশনা ভঙ্গ করেছেন। ব্যক্তিগত অপরাধ থেকে তাদেরকে নি®কৃতি দেওয়া যাবে না।

অভিযুক্ত নয় আমলার কৌসুলি অ্যাডভোকেট টি এইচ খান অভিযুক্তদের আদালত অবমাননার মামলা থেকে নি®কৃতি দেওয়ার আবেদন জানান।

টি এইচ খানের আবেদনের প্রেক্ষিতে আদালত জানান, এটি একটি চলমান প্রক্রিয়া।

মাজদার হোসেন বনাম বাংলাদেশ মামলার রায় বিকৃত করার দায়ে সুপ্রিম কোর্ট ২০০৪ সালের ২৯ নভেম্বর নয়জন আমলার বিরুদ্ধে রুল জারি করেন।

নয়জন অভিযুক্ত আমলা হচ্ছেন- সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মোহাম্মদ আব্দুর রব হাওলাদার, উক্ত মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ চৌধুরী ও সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ খলিলুর রহমান, আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব শফিকুল ইসলাম তালুকদার, উক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ হারুনুর রশিদ এবং মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফজলুল হক ও অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোতালেব হোসেন।

২০০৫ সালের ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় বিকৃত করা সংক্রান্ত আদালত অবমাননা মামলায় হাইকোর্টের রুলের ওপর শুনানির তারিখ ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি ধার্য করেছিলেন।