বেতন বোনাসের দাবিতে পাঁচ গার্মেন্টস কারখানায় ভাংচুর
ঈদের আগে বেতন-বোনাস বঞ্চিত শত শত শ্রমিক শনিবার রাতে ঢাকা কলেজের সামনে অন্তত পাঁচটি গার্মেন্টস কারখানা ভাংচুর করেছে।
পরে মিছিল নিয়ে বঙ্গভবন ঘেরাওয়ের জন্য রওনা হলে হাই কোর্টের সামনে পুলিশ তাদের আটকে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘র্যাপটি অ্যাপারেলস লিমিটেড’ গার্মেন্টসের বেতন-বোনাস বঞ্চিত বিক্ষুব্ধ শ্রমিকরা সন্ধ্যার পর মিরপুর সড়কের পাশে অবস্থিত ওই কারখানার সামনে বিক্ষোভ শুরু করে।
তাদের এই বিক্ষোভে যোগ দেয় ওই এলাকার আরও চারটি কারখানার শ্রমিক। বেতন ও বোনাসের দাবিতে তারা সংঘবদ্ধ হয়ে ভাংচুর শুরু করে।
প্রায় ঘন্টাব্যাপী ভাংচুরের পর তারা দাবি আদায়ের জন্য মিছিলসহ যায় বঙ্গভবন ঘেরাও করার জন্য।
ভাংচুরের সময় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক আর উত্তেজনা। সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজটের।
নীলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্ষুব্ধ শ্রমিকরা ঈদের আগে বেতন ও বোনাস না পাওয়ায় এই ভাংচুর ও বিক্ষোভ করে। বেতন ও বোনাস পাওয়ার জন্য পরে তারা বঙ্গভবন ঘেরাও করার সিদ্ধান্ত নেয়।”
তিনি আরো জানান, ঢাকা কলেজের সামনে থেকে বঙ্গভবন যাওয়ার পথে রাত ১০ টার দিকে তাদের হাইকোর্টের সামনে বাধা দেয়া হয়।
