জাতীয় প্রেসক্লাব নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী
জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৪টিতে বিজয়ী হয়েছে। সিনিয়র সহ-সভাপতি পদসহ তিনটিতে জিতেছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল।
জাতীয় প্রেসক্লাবের নির্বাচন কমিটির চেয়ারম্যান আবদুল খালেক ভূঁইয়া শনিবার সকালে ফল ঘোষণা করেন। নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার।
সভাপতি পদে শওকত মাহমুদ (৩৯৯) ও সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন সবুজ (৩২৯) বিজয়ী হয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত প্যানেলের আবদুর রহমান খান সহসভাপতি, কাজী রওনাক হোসেন, ও বখতিয়ার রানা যুগ্ম সম্পাদক, সৈয়দ আবদাল আহমদ কোষাধ্যক্ষ এবং নুরুল হাসান খান, বদিউল আলম, নুরুল হুদা, মোস্তফা কামাল মজুমদার, খালেদ হায়দার, রোজী ফেরদৌস, মমতাজ বিলকিস বানু ও শেহাবউদ্দিন আহমেদ নাফা সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ফরিদ হোসেন (৩৩২) সিনিয়র সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন। এ প্যানেলের পারভিন সুলতানা মুসা ঝুমা, ও ফরিদা ইয়াসমীন সদস্য নির্বাচিত হন।
