২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথে পথে চাঁদাবাজির কারণে গরুর দাম এবার চড়া

পথে পথে চাঁদাবাজি আর চড়া দামের কারণে মধ্যবিত্তের আওতার বাইরেই থাকছে কোরবানীর গরু-ছাগল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বৃহস্পতিবার গাবতলীসহ রাজধানীর ১৩টি হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। ঈদের আগের দিন অর্থাৎ রোববার দুপুর পর্যন্ত হাটগুলোতে চলবে বেচাকেনা। জানাচ্ছেন আবু নোমান সজীব।

তত্ত্বাবধায়ক সরকার দেশের বিভিন্ন কোরবানির হাটে চাঁদাবাজি প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও দেশের বিভিন্ন জেলা থেকে আসা গরু ব্যাবসায়ীরা অভিযোগ করেন থামেনি চাঁদাবাজি।

স্থানীয় মাস্তানদের পাশাপাশি পুলিশ ও বিডিআর সদস্যদেরাও চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেন গরু ব্যবসায়ীরা।

গাবতলী হাটে বসানো পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুজ্জামান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, পরিস্থিতি গতবারের তুলনায় স্বাভাবিক।

রাজধানীর একমাত্র স্থায়ী গরুর হাট গাবতলীতে বৃহস্পতিবার ঈদের হাট শুরুর প্রথম দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি আবু নোমান সজীব দেখেন গত বছরের তুলনায় দাম অনেক চড়া। ফলে বেচাকেনা ছিল খুব কম। অবশ্য গরু কেনা-বেচা কম হলেও উটের বেশ চাহিদা ছিল।

গরু বেপারীরা জানান, সীমান্তগুলোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কড়াকড়ি আরোপের কারণে এবার গরু এসেছে খুবই কম। এছাড়া ঢাকায় আনার সময় পথে পথে গরুর ট্রাকে পুলিশের চাঁদাবাজির কারণে গরুর দাম বেশ চড়া।

গরুর খাদ্য অর্থাৎ গম, ভূষি ও ধানের গুড়ার দাম বাড়ার কারণেও গরুর বাজার চড়া বলে তারা দাবি করেন।

দেশের দক্ষিণাঞ্চলের জেলা কুষ্টিয়ার সদর উপজেলার গোপালপুর গ্রাম থেকে সাতটি গরু নিয়ে গাবতলি হাটে এসেছেন গরু বেপারী আকবর আলী ও মিজানুর রহমান। তারা অভিযোগ করেন, ট্রাকে গরু নিয়ে ঢাকায় আসার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটসহ বিভিন্ন স্থানে ট্রাক ভাড়া ১০ হাজার টাকা দেওয়ার পরও অতিরিক্ত প্রায় দুই হাজার টাকা ব্যয় হয়েছে।

এর মধ্যে দৌলতদিয়া ফেরী ঘাটে নির্দিষ্ট ফেরী ভাড়া আটশ টাকার বাইরে ট্রাকের সিরিয়াল বাবদ আতিরিক্ত পাঁচশ টাকা দিতে হয়েছে। স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা অতিরিক্ত এই টাকা নিয়েছেন বলে তারা অভিযোগ করেন।

এছাড়া রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়ায় গরুর ট্রাকে ডাকাতি প্রতিরোধের নামে স্থানীয় থানা পুলিশ অভিনব কায়দায় ট্রাক প্রতি একশ টাকা করে চাঁদা নিচ্ছে। রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ট্রাফিক সার্জেন্টের নামে ট্রাক প্রতি দুইশ টাকা নেয়া হচ্ছে বলেও বেপারীরা অভিযোগ করেন।

কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামের গরু বেপারী আব্দুল হক বিশ্বাস, রাজবাড়ীর পাংশা উপজেলার কালুখালীর আব্দুল ওয়াহাব, দৌলতপুরের মহিষকূন্ডির আফাজ উদ্দিনও একই অভিযোগ করেন।

দেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জের গরু বেপারীরাও একই অভিযোগ করেন। ঢাকা আসার পথে বিভিন্ন স্পটে গরুবাহী ট্রাকগুলো থেকে পুলিশ ও বিডিআর এর চাঁদাবাজির অভিযোগ করেন তারা।

রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের টাঙ্গন গ্রামের গরু বেপারী সিরাজুল মেম্বার অভিযোগ করেন, রাজশাহীর মহিষালবাড়ি ও বেলপুকুর রেলগেটে বিডিআর এবং নাটোর বাইপাস ও টাঙ্গাইলে যমুনা সেতুর আগে পুলিশ গরুবাহী ট্র্কা থেকে টাকা আদায় করছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাগাছ গ্রামের বেপারী দরুল হুদা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে গরু নিয়ে ঢাকায় আসার পথে চাঁপাইনবাগঞ্জ ব্রীজ, রাজশাহীর সুলতানগঞ্জ করিডোর এবং রাজাবাড়ীতে বিডিআরকে ট্রাক প্রতি একশ টাকা করে দিতে হয়েছে। টাকা নিলেও বিডিআর দেয়নি কোন রশিদ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকূপি সীমান্তের অধিবাসী জিয়াউল হক গাবতলি হাটে এনেছেন মরু প্রাণী উট। তিনি অভিযোগ করেন, উট আমদানির সময় বৈধ কাগজ থাকা সত্ত্বেও বিডিআরের তেলকূপি বিওপি ফাঁড়ির সদস্যরা উটপ্রতি অতিরিক্ত ৫০০ থেকে ১০০০ টাকা করে আদায় করেছে।

দূরাঞ্চল থেকে আসা বেপারীরা পুলিশ আর বিডিআর এর চাঁদাবাজির কথা বললেও ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের বেপারীরা গরুর খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধিকেও গরুর দাম বাড়ার কারণ হিসেবে মনে করছেন।

রাজেন্দ্রপুর চৌরাস্তার বাউল মির্জাপুরের বেপারি আল-আমিন বলেন, চলতি বছর গম, ভূসি ও ধানের গুড়ার দাম প্রায় দ্বিগুন। ফলে গরুর দামও চড়া।

তিনি জানান, গম ও ভূসির দাম কেজিপ্রতি ১২ টাকা থেকে বেড়ে ২০ টাকা, ধানের গুড়া দুই টাকা থেকে বেড়ে ৮ টাকা এবং চাউলের গুড়া ১২ টাকা থেকে বেড়ে ১৮ টাকা হয়েছে।

তবে তাকেও ঢাকায় আসার পথে মিরপুর বেড়ি বাঁধের উপর সার্জেন্টের চাঁদা বাবদ ১০০ টাকা দিতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

নগরীর ১২২ উত্তর শাহজাহানপুরের হোটেল ব্যবসায়ী আব্দুল মোতালেব জানান, গরুর দাম গত বছরের চেয়ে চড়া। গাবতলি হাটে বৃহস্পতিবার মোতালেব এসেছিলেন দুই সন্তান নিয়ে। গরু না কিনেই তিনি ফেরত যান। একই অবস্থা পল্টন থেকে আসা ব্যবসায়ী আব্দুল ওয়াহাবের।

তিনি জানান, গত বছর যে মাপের গরু ১৭ হাজার টাকা দিয়ে কিনেছিলেন, সেই একই মাপের গরু এবার ২০ হাজার টাকা দিয়ে কেনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।