গাবতলী গরুর হাটে কিছুক্ষণ
কোরবানীর ঈদ সমাগত। চারদিকে চলছে কোরবানীর পশু কেনার প্রস্তুতি। জমে উঠেছে গরুর হাটগুলো। গরুর হাটের প্রস্তুতি কেমন তা দেখতে গাবতলী গরুর হাটে গিয়েছিলেন মেহেদী আল মাহমুদ। ফিরে এসে লিখছেন তার হাটদর্শনের রম্য বিবরণ।
ঈদের আরও চারদিন বাকি থাকায় হাট এখনও জমে ওঠেনি। যে হারে মানুষ আসছে তারচেয়ে বেশি আসছে গরু। ট্রাকে ট্রাকে গরুর আগমন এখনও অব্যাহত। গরুর সাথে ট্রাকে গরুর মালিকরাও আছেন। অধিকাংশ মালিকের চেহারা মলিন।
হুমায়ূন কবির নামের এক গরুর মালিকের কাছে জানতে চাইলাম, “ কি ব্যাপার, আপনাদের চেহারা এরকম কেন?” বললেন, “সারা রস্তায় নানা জনকে চাঁদা দিতে দিতে কাহিল হয়ে পরেছি। চেহারার আর কি দোষ!” অবাক হয়ে জিজ্ঞাস করলাম “ এখন তো তত্ত্বাবধায়ক সরকারের আমল। তারপরও রাস্তায় চাঁদা দিতে হচ্ছে?” জবাবে কবির সাহেব বললেন,“এক পুলিশকে চাঁদা দিতে চাইনি বলে তিনি কি বলেছেন জানেন, বলেছেন গরুর ব্যবসা করবা অথচ পুলিশকে চাঁদা দিবা না, মগের মুল্লুক পাইছো!”
ক্রেতাদের অবস্থা অবশ্য ভিন্ন। কয়েকজন ক্রেতা গরু দেখছেন আর হাসাহাসি করছেন। গেলাম তাদের কাছে। বিষয়টা আসলে হাসির না, বেদনাদায়ক। কিন্তু উল্টারথের দেশ তো, সমবেদনা জানানোর বদলে বসে গেছে খুচরো হাসির হাট। হয়েছে কি, ক্রেতাদের একজন গরুর বয়স জানার জন্য দাঁত পর্যবেক্ষন করছিলেন। ব্যাপারটা সম্ভবত গরুর পছন্দ হয়নি। মুখ ধরে টানাটানির সময় আচমকা গুতো দেয়ায় পর্যবেক্ষক ব্যাথা পেয়েছেন। তাতেই এই হাসাহাসি। ক্রেতাদের একজন মজা করলেন, “এটা মেয়ে গরু কিনা! বয়স জানাতে ওদের একটু অনিহা থাকবেই।” দাঁত দেখে বয়স জানার এই সনাতন পদ্ধতির সমালোচনা করলেন কেউ কেউ, “গরুদের সাথে অবশ্যই বয়সের সার্টিফিকেট থাকা উচিৎ, তাহলে আর এই গুতোগুতির ঝামেলায় পড়তে হবে না।”
হাটে উটের সংখ্যাও অনেক। জনৈক উট ব্যাবসায়ী তার ছয়টি উটকে বস্তার তৈরি পোষাক পড়িয়ে রেখেছেন। উটদের কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলাম, “কেউ পরায়নি অথচ আপনি উটগুলোকে বস্তা পড়িয়ে দিয়েছেন, কেন?” তিনি বললেন, “ওরা গরমের দ্যাশের থনে শীতের সিজনে বাংলাদেশে আইয়া উঠছে, গতরে বস্তা না দিলে মরি যইবো।”
কাগজ কিনলে কলম ফ্রি, চাল কিনলে লবণ ফ্রি তেমনি গরু কিনলে ফ্রি চাপাতি (চায়ের পাতি নয়, এক প্রকার দা) দেবার ব্যাবস্থা দেখা গেছে এবারের গরুর হাটে। এ বিষয়ে বিক্রেতার কাছে জানতে চাইলাম, “গরুর সাথে সরাসরি চাপাতি দেয়া হবে নকি ক্রাচ কার্ড ঘষতে হবে?” প্রশ্ন শুনে বিক্রেতা খানিকটা হাসলেন, তারপর বললেন, “মিয়া বিচলামি করেন ? গরু কিনলে চাপাতি পাবেন, কোন ঘষাঘষির সিষ্টেম নাই। টাকা দেন এখনই, প্রমান পাইবেন।” বললাম, “বিচলামি না, আসলে অনেকে এটা ওটা দেবে বলে কিন্তু শেষে কার্ড ধরিয়ে দেয়, তাই। তাছাড়া এখন আমি এখন গরু কিনব না, কিছুদিন পরে...।” কথা শেষ করতে পারলাম না, তার আগেই বিক্রেতা বললেন, “এখন না কিনলে এত প্রশ্ন করেন কেন? যখন কিনবেন তখন আইসেন।”
কথা না বাড়িয়ে চলে এলাম।
