মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এরশাদ শুক্রবার আবেদন করছেন
সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দেওয়া মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শুক্রবার নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বৃহস্পতিবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে এরশাদ এ সিদ্ধান্ত নিয়েছেন।
বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আইনজীবীরা আইনের খুঁটিনাটি বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন।”
বৈঠকে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, জিএম কাদের, কাজী ফিরোজ রশীদ, আনিসুল ইসলাম মাহমুদ, মোস্তফা জামাল হায়দার ও জিয়াউদ্দিন বাবলু উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদনের জন্য এরশাদের হাতে শনিবার পর্যন্ত সময় আছে।
