২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৪৩ কোটি টাকার ফোন কার্ড ও যন্ত্রপাতি উদ্ধার

বিদেশ থেকে আসা ফোন অবৈধভাবে স্থানান্তর (কল টার্মিনেশনের) করার অপরাধে র‌্যাব রাজধানীর পাঁচটি স্থানে বুধবার সারাদিন অভিযান চালিয়ে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 09:03 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এ সময় আড়াই লাখ টাকার কলিং কার্ড, প্রায় ১৪ লাখ টাকার অর্ধপ্রস্তুত কলিং কার্ড, ৩০ কোটি টাকার কলিং সিরিয়াল এবং এ কাজে ব্যবহৃত ১২ কোটি টাকার বেশি টেলিযোগাযোগ যন্ত্রপাতিসহ প্রায় ৪৩ কোটি টাকার বিভিন্ন সামগ্রী ঊদ্ধার করা হয়েছে।

মিরপুর-১০ এর ফ্যাক্স নেট সার্ভিস, সেনপাড়া পর্বতার একটি বাসা, মিরপুর-১ এর আইমার্ট ও মিরপুর-১ মার্কেটে আইমার্টের অপর একটি দোকান এবং মৌচাকের গোল্ডেন প্লাজার ১১ তলায় রেজা টেলিকম ও মৌচাকের প্রপার্টি রাইজের তাদের অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে র‌্যাব এসব সামগ্রী উদ্ধার এবং সাতজনকে গ্রেপ্তার করে।

এর আগে মঙ্গলবার একই ধরনের অভিযানে আটজনকে গ্রেপ্তার ও ৮০ লাখ টাকার কলিং কার্ডসহ কল টার্মিনেশনে ব্যবহৃত প্রায় ১০ কোটি টাকারও বেশি যন্ত্রপাতি ঊদ্ধার করা হয়।

বুধবার ঊদ্ধারকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ভিওআইপি টেলুলার যন্ত্র ২৪২ টি, কুইন্টাম সেট (টার্মিনেটিং যন্ত্র) ১৭ টি। এ ছাড়া কল টার্মিনেশনে ব্যবহৃত টেলিটক, বাংলালিংক, সিটিসেলের প্রচুর সিম কার্ডসহ বিটিটিবির ৫০টি অবৈধ টেলিফোন সংযোগের সন্ধান পাওয়া গেছে।

র‌্যাব গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারি পরিচালক খন্দকার আল মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কার্ডগুলো বাদ দিয়ে উদ্ধার করা যন্ত্রপাতির স্থানীয় বাজার মূল্য আনুমানিক ১২ কোটি টাকার বেশি।

রেজা টেলিকম ও আইমার্ট দীর্ঘদিন ধরে ব্যাপক হারে কল টার্মিনেট করাসহ কল অরিজিনেশনের সঙ্গেও যুক্ত ছিলো বলে অভিযোগ পাওয়া গেছে। সেনপাড়া পর্বতার বাসাটিতে ১৫টি সার্ভার নিয়ে স্থানীয় লাইনম্যানদের হাত করে তারা কল টার্মিনেশনের ব্যবসা করতো বলে জানা যায়।

বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) নিজস্ব লোকদের সহযোগিতা ছাড়া কীভাবে অবৈধ সংযোগ পাওয়া সম্ভব এ ধরনের প্রশ্নের জবাবে সংস্থার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়া সফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিটিটিবির কিছু লোক তো অবশ্যই জড়িত। লাইনম্যানদেরও হাত আছে। এ ছাড়া ফোন-ফ্যাক্সের ব্যবসায়ীরা বিভিন্ন নামে বিভিন্ন ঠিকানায় অনেকগুলো সংযোগ নিয়ে এসব অবৈধ কাজ করেন।”

র‌্যাবের অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে এই প্রথমবারের মতো বিটিটিবির সহায়তায় র‌্যাব বড় আকারে অভিযান চালিয়েছে। প্রচুর গ্রাহক জানেনও না যে তাদের নামে বরাদ্দ সংযোগ অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে।”

অবৈধ সংযোগ ছাড়াও এসব কল টার্মিনেশনসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে বিটিটিবির কোনো কর্মকর্তা-কর্মচারি জড়িত কিনা সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

বুধবারের অভিযানের ঘটনায় মিরপুরের পল্লবী থানায় তিনটি ও রমনা থানায় একটি মামলা হয়েছে।