মনোনয়ন বঞ্চিত নবী সমর্থকদের তাণ্ডব
মনোনয়ন না মেলায় বিএনপি নেতা নবী উল্লা নবীর সমর্থকরা মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ি ও সায়েদাবাদ এলাকায় দু’দফায় কমপক্ষে ৩০টি যানবাহন ভাংচুর ও একটি বাস পুড়িয়ে দিয়েছে।
ভাংচুরের পাশাপাশি তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও অবরোধ করে। ফলে প্রায় তিন ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। শ’ শ’ গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট, আর হাজার-হাজার মানুষ পড়ে অবর্ণনীয় দুর্ভোগে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নবীর কয়েকশ’ সমর্থক বিকেল তিনটার দিকে শনির আখড়া, যাত্রাবাড়ী ও সায়েদাবাদে অবরোধ সৃষ্টি করে। এক পর্যায়ে তারা বেপরোয়াভাবে যানবাহন ভাংচুর শুরু করে এবং ঢাকা আদমজী রুটের একটি বাসে আগুন দেয়।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনোনয়ন না পাওয়ায় নবী উল্লা নবীর সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে দুই দফায় শনির আখড়া, যাত্রাবাড়ি ও সায়েদাবাদ ব্রিজের কাছে এ ঘটনাগুলো ঘটায়।”
নবী ঢাকা-৪ আসনে মনোনয়ন চেয়েছিলেন। আর বিএনপি মনোনয়ন দিয়েছে সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদকে।
