মহাজোটের সম্মতিতেই কমিশনে থাকছেন মোদাব্বির
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সম্মতিতেই নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে উপদেষ্টা ধীরাজ কুমার নাথ সাংবাদিকদের বলেছেন, “ নির্বাচন কমিশন থেকে মোদাব্বির যাচ্ছেন না। মহাজোট তাকে মেনে নিয়েছে।” (আরও তথ্যসহ)
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল নির্বাচনে যাওয়ার শর্ত হিসেবে মোদাব্বির হোসেন চৌধুরীকে ছুটিতে পাঠানোর দাবি জানিয়েছিল। উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটকে কমিশনে মোদাব্বিরের থাকার বিষয়ে রাজি করাতে সক্ষম হয় বলে ধীরাজ কুমার নাথ জানান।
মহাজোট মনোনয়ন পত্র দাখিলের পাশাপাশি প্রার্থীদের কাছ থেকে প্রত্যাহার পত্রেও স্বাক্ষর করিয়ে নিচ্ছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ধীরাজ কুমার নাথ বলেন, “আমি জানি না তারা এটা কেন করছে।”
তিনি বলেন, জনগণ এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এ সময়ে তারা যদি মনোনয়ন প্রত্যাহার করে নেয় তবে সেক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।
উপদেষ্টা বলেন, “আমরা ৫০ দিন সময় নষ্ট করেছি এই অভিযোগ যদি কেউ করে তবে আমাদের প্রতি অবিচার করা হবে। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ১০/১৫ দিন আমাদের শুধু কথাই বলতে হয়েছে। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রস্তাব, সমস্যা বোঝার চেষ্টা করে আমরা তা সমাধানের চেষ্টা করেছি।”
তারই ফলস্বরূপ এখন সব দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন ধীরাজ কুমার নাথ।
ধীরাজ কুমার নাথ বলেন, উপদেষ্টা পরিষদ এতদিন নীতি নির্ধারণী কাজ করেছে। এখন তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সহায়তা করবে।
তিনি আরও বলেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। সব ভোটার যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে এবং আইন-শৃংঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সেগুলো নিশ্চিত করা হবে।
তিনি বলেন, প্যাকেজ প্রস্তাবের সবই বাস্তবায়ন করা হয়েছে। মাঠ পর্যায়ের কোন কর্মকর্তার বিরুদ্ধে মহাজোট যদি সুনির্দিষ্ট কোন অভিযোগ করে তবে তাদের প্রত্যাহার করে নেওয়া হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “মাঠ পর্যায়ের কর্মকর্তারা সুযোগ পেলেই নিরপেক্ষতা প্রমাণ করে। আমরা এবার তাদের সেই সুযোগ দিয়েছি।”
ধীরাজ কুমার নাথ বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম নিজ চোখে দেখতে ঈদের পরে মাঠ পর্যায়ে সফর শুরু করবেন উপদেষ্টারা। উপদেষ্টারা এই সফরে নির্বাচন সংক্রান্ত সব কাজ ও পরিবেশের উপর প্রত্যক্ষ নজর রাখবে বলে জানান তিনি।
