নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে ৪ দল
সংবিধান সমুন্নত রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন যেকোন আইনগত পদক্ষেপ নিলে চারদলীয় জোট তাকে স্বাগত জানাবে বলে জানিয়েছেন সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার।
মঙ্গলবার চারদলীয় জোটের চার সদস্যের একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) মাহফুজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি একথা বলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, সাবেক সচিব আব্দুল হালিম ও সাবেক সচিব ক্যাপ্টেন আবু সুজাউদ্দিন।
সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘণ্টার সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, “আমরা কোনো দাবি নিয়ে আসিনি। আমরা কমিশনকে আশ্বস্ত করেছি যতো প্রকার সহযোগিতা প্রয়োজন আমরা তাকে করবো।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশন কঠিন সময়ের মধ্য দিয়ে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এসেছে। তারা সব কিছু সুন্দর করে সম্পন্ন করতে পেরেছে। এজন্যই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করছে।”
