যশোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত
যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়ায় সোমবার রাতে একটি বাসে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে বলে র্যাব দাবি করেছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৬ এর লেফটেন্যান্ট কর্নেল নাসিরের বরাত দিয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ১০ সদস্য যাত্রীবেশে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাসে অবস্থান নেয়।
রাত সাড়ে ১১টার দিকে বাসটি অভয়নগরের চেঙ্গুটিয়ায় পৌঁছালে দুর্বৃত্তরা ডাকাতি শুরু করে। এসময় র্যাব সদস্যরা তাদের বাধা দিলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। তবে যাত্রীদের কারও কিছু হয়নি।
নূরুল আমিন আরও জানান, র্যাব সদস্যরা ডাকাতদের কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক, পিস্তল ও তিন রাউণ্ড গুলি উদ্ধার করেছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিন ডাকাতের লাশ থানায় নিয়ে যায়।
যশোর পুলিশ সুপার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে বিষয়টি র্যাবের বলে তিনি মন্তব্য করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ৩টা) লাশ তিনটি অভয়নগর থানায় ছিল। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
