২৫ হাজার মে. টন গম, দুই লাখ মে. টন সার আমদানি হবে
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২৫ হাজার মেট্রিক টন গম আর দুই লাখ মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সভাকক্ষে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এ সভায় উপস্থিত ছিলেন বিচারপতি ফজলুল হক, ড. শোয়েব আহমেদ, ধীরাজ কুমার নাথ, সফিকুল হক চৌধুরী এবং আজিজুল হক।
সভা থেকে বেরিয়ে কমিটির চেয়ারম্যান বিচারপতি ফজলুল হক বলেছেন, গমের আভ্যন্তরীণ চাহিদা প্রতি মাসে ১৭ হাজার মেট্রিক টন। এটা অব্যাহত রাখার জন্য ২৫ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুই লাখ মেট্রিক টন সার কেনার বিষয়ে বিচারপতি ফজলুল হক বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন কম হয়েছে। এ বছর প্রারম্ভিক মজুদ বাড়ানোর জন্য এ সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় অনুমোদিত প্রস্তাবগুলোর অধীনে ২৫ হাজার মেট্রিক টন গম, এক লাখ ( ৫০ হাজার মে.টন করে দুই পর্যায়ে) মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার এবং এক লাখ (৫০ হাজার মে.টন করে দুই পর্যায়ে) মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদনি করা হবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে।
এসব পণ্য আমদানির জন্য প্রায় পঁচশত কোটি টাকা লাগবে। সরকারের নিজস্ব অর্থ ছাড়াও বাণিজ্যিক ব্যাংকের ঋণ, বিশ্বব্যাংক এবং আইডিএ থেকে এ ব্যয় মেটানো হবে।
সভায় বাংলাদেশ ওয়াটার সাপ্লাই প্রোগ্রাম প্রকল্পের আওতায় বাগেরহাট, চাঁদপুর, চুয়াডাঙ্গা, চাঁপাই নবাবগঞ্জ ও মানিকগঞ্জ পৌরসভায় প্রাইভেট অপারেটরের মাধ্যমে পানি সরবরাহ ব্যাবস্থার উন্নতিসাধন ও সম্প্রসারণ করার বিষয়টি আলোচিত হয়। এ লক্ষ্যে কারিগরি সহায়তার জন্য কন্সাল্টিং ফার্ম নিয়োগের কথা বলা হয়েছে।
