আওয়ামী লীগ ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেবে: শেখ সেলিম
আওয়ামী লীগ ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। গুলশানে আবদুল জলিলের বাসায় এলডিপি ও জাতীয় পার্টিসহ সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এসে শেখ সেলিম সাংবাদিকদের একথা জানান।
এর আগে সকালে পঞ্চম দফায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরিবর্তন করে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় আরো দুইদিন বাড়ানো হয়।
এ বিষয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, “আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাচ্ছি।”
সাংবাদিকদের তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার আশ্বাস দিয়েছে। ভোটার তালিকা হাল নাগাদ করা হবে বলে জানিয়েছে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
আসন ভাগাভাগির বিষয়ে তিনি বলেন, “মহাজোটের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে।”
একই বিষয়ে তোফায়েল আহমেদ বলেছেন, “আমরা আসন বন্টন নিয়ে কথা বলেছি। এর মানে হলো আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছি।”
দলের সভাপতিমণ্ডলীর অপর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আমরা চার দলীয় জোটকে নির্বাচনের মাঠ ছেড়ে দেব না, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।” তিনি বলেন, আন্দোলনও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। কোনকিছুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দেওয়া হবে না।
এ সভায় উপস্থিত জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ বলেন, “মহাজোটের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা তার সঙ্গে একমত। আমাদের মধ্যে কোনো রকম ঝামেলা হবে না। মহাজোটে যাওয়ার আগে আওয়ামী লীগের সঙ্গে আমাদের
সমঝোতা হয়েছে।”
এ বিষয়ে এলডিপি নেতা মাহী বি চৌধুরী বরেন, “গোঁজামিল দিয়ে নির্বাচন করতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তবে আমরা নির্বাচনমুখী।”
আগামী ২৬ ডিসেম্বর এলডিপি মনোনয়নপত্র জমা দেবে কি না জানতে চাইলে মাহী বি চৌধুরী বলেন, “আমরা এখনও কোনো বিজ্ঞপ্তি পাইনি।”
