সিলেটে ভারতীয় ডেপুটি হাই কমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সুব্রত ভট্টাচার্য শনিবার সিলেটের মেয়র ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন।
এসময় তিনি ভারতের সঙ্গে সিলেটের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশের সীমান্ত বাণিজ্যের প্রসারে সিলেটের সঙ্গে শিলংয়ের সরাসরি সড়ক যোগাযোগ, ভারতের করিমগঞ্জের সঙ্গে জকিগঞ্জের সেতু নির্মাণসহ বৃহত্তর সিলেটের আটটি স্থলবন্দরে আমদানির পাশাপাশি রপ্তানি সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন সিলেট চেম্বারের নবনির্বাচিত নেতারা।
ভারতীয় হাইকমিশনার তাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করার আশ্বাস দেন।
চেম্বার কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ঘন্টাব্যাপী সভায় সিলেট চেম্বারের নবনির্বাচিত সভাপতি জুন্নুন মাহমুদ খান, সহসভাপতি নাসিম হোসাইন, পরিচালক হিজকিল গোলজার, লায়েছউদ্দিন, জিয়াউল হক জিয়া, আবুল ফজল, হাজি দেলোয়ার হোসেন, খন্দকার শিপার আহমদ বক্তব্য রাখেন।
এর আগে ডেপুটি হাইকমিশনার সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি সিলেটের সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন বলে মেয়র কামরান জানান।
