২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন বিভাগের ১৯ কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন বন বিভাগের ১৯ কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও রাঙ্গামাটির এক কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে শনিবার মামলা দায়ের করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 10:47 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সংরক্ষিত বনাঞ্চল থেকে বেআইনীভাবে কাঠ কেটে পাচারের দায়ে এই কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে রাঙ্গামাটি কোতয়ালী থানায় পাঁচটি পৃথক মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম।

অভিযুক্ত পদস্থ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ থেকে বদলি হওয়া বিভাগীয় বন কর্মকর্তা রিজাউল শিকদার, রাঙ্গামাটি উত্তর বন বিভাগ থেকে বদলি হওয়া বিভাগীয় বন কর্মকর্তা মো. ফারুক হোসেন, অশ্রেনীভুক্ত বনাঞ্চল বনীকরন বিভাগ- রাঙ্গামাটি থেকে বদলি হওয়া বিভাগীয় বন কর্মকর্তা মো. আবু ইউসুফ, দক্ষিন বন বিভাগ থেকে বদলি হওয়া সহকারি বন সংরক্ষক (সদর) মো. সাইফুল ইসলাম, উত্তর বন বিভাগ থেকে বদলি হওয়া সহকারি বন সংরক্ষক মো. আবদুস সাত্তার এবং কাঠ ব্যবসায়ী মাহমুদুর রহমান।

এছাড়া আরো ১৪ কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, মাহমুদুর রহমানের সঙ্গে যোগসাজস করে তারা বনবিভাগের পাঁচ জোত মালিকের নামে ভুয়া ফ্রি পারমিট ইস্যু করে। কিন্তু ওই জোত থেকে কোনো গাছ না কেটে সংরক্ষিত বনাঞ্চল থেকে ৪০ লাখ টাকারও বেশি মূল্যের বিভিন্ন ধরনের গাছ কেটে রাঙ্গামাটির বাইরে পাচার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছেন, এ ব্যাপারে তদন্ত চালিয়ে দেখা যায় যে এসব কর্মকর্তা ও কর্মচারি গত কয়েক বছর ধরে গাছ পাচারের সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন।

তিনি বলেন, প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে।