দু’বছরেও দাখিল হয়নি ড. ইউনুস হত্যা মামলার চার্জশিট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রবীণ শিক্ষক ড. মোহাম্মদ ইউনুস হত্যাকাণ্ডের দু’বছর পূর্ণ হয়েছে শনিবার। বহুল আলোচিত এ হত্যা মামলার চার্জশিট এখন পর্যন্ত আদালতে দেয়া হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে মামলাটি অন্তর্ভুক্ত করার পরও এতদিনে চার্জশিট দাখিল ও বিচার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান ও সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম জানান, খুনিদের শাস্তির দাবিতে সমিতি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তারা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সোবহান দীর্ঘদিনেও চার্জশিট না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঘাতকদের বিচার না হলে ড. ইউনুসের আত্মা কষ্ট পাবে।”
অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ছেলে রাবির নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষক রাশেদ জামান শোভন তত্ত্বাবধায়ক সরকারের কাছে বাবার খুনিদের দ্ষ্টৃান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রাবি শাখা ছাত্রদল, ছাত্রলীগ ও ছাত্রফ্রন্টও অবিলম্বে হত্যাকারীদের শাস্তি দাবি করেছে।
২০০৪ সালের ২৪ ডিসেম্বর মোহাম্মদ ইউনুস প্রাতঃভ্রমণের সময় বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী বিনোদপুরে তার বাসার কাছে ঘাতকদের হাতে খুন হন। ঘটনার পর অধ্যাপক ইউনুসের ছোট ভাই ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক আবদুল হালিম বাদি হয়ে মতিহার থানায় অজ্ঞাত সন্ত্রাসীদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শিবির ক্যাডার সিরাজুস সালেকীনসহ আটজনকে আটক করে। বর্তমানে তারা জামিনে মুক্ত।
এদিকে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র দুই শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই গ্রেপ্তার হওয়ার পর র্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানান, জেএমবি সদস্য মতিন, কাশেম, গোলাম মোস্তফা, শফিউল্লাহ্, ইব্রাহীমসহ সাতজন হত্যা মিশনে অংশ নেয়।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেএমবির ওই সাতজনকে ইউনুস হত্যা মামলার আসামী করা হয়। গত ৪ মে এ মামলাটি পুলিশের কাছ থেকে সিআইডিতে স্থানান্তর করা হয়। বর্তমানে এটি তদন্তের দায়িত্বে আছেন রাজশাহী সিআইডি জোনের ইন্সপেক্টর হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিন জানান, দ্রুত তদন্ত রিপোর্ট দেয়ার জন্য তারা সাধ্যমত কাজ করে যাচ্ছেন। তদন্ত শেষ হলেই চার্জশিট দেয়া হবে।
