ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে, নিহত ৪ আহত ৬
দ্রুতগামী একটি বাসের ধাক্কায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে (চুয়াডাঙ্গা ট ১১-০১২২) রাস্তার পাশে খাদে পড়ে গেলে ৪ ব্যক্তি নিহত হন শনিবার বিকেলে সড়াইল উপজেলার গোগদে। আহত হন ৬ জন।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন মুন্সিগঞ্জের কুকাটিয়া গ্রামের চান মিয়া (৪০) ও একই গ্রামের ধনমিয়া (৪৫)। বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে পটুয়াখালির সাইফুদ্দিন (২০), পাবনার বেড়া উপজেলার মোখলেছ (৩২), কুমিল্লার মতলবের খায়রুল (৩৫) ও সিরাজগঞ্জের কালা মিয়াকে (৪৫) সরাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাক যাত্রী আহত কালা মিয়া জানান, ঢাকা- সিলেট মহাসড়কের গোগদ এলাকায় ওভারটেক করার সময় দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে ট্রাকটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
বিশ্বরোড হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকজনের সহায়তায় ট্রাকের নিচে আটকা পড়াদের উদ্ধার করে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ সংগ্রাম রায় বলেছেন, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
তিনি আরো বলেন, ট্রাক চালক বিভিন্ন স্থান থেকে ১০ যাত্রী তুলেছিলেন। ট্রাকটি সিলেট যাচ্ছিল।
