বরিশালে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা
বরিশাল সদর আসনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মনজুর-ই-এলাহীর কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় জোটের অন্য দুই শরীক ইসলামী ঐক্যজোট ও নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির নেতাকর্মীদের দেখা যায়নি।
জেলা বিএনপির সভাপতি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ার, বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চাঁন, মহানগর জামায়াতের আমীর মুয়ায্যম হোসাইন হেলালসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা উপলক্ষে শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণ-জমায়েতের আয়োজন করা হয়।
