বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে অ্যারিস্টোক্রেট সোয়েটার্স অ্যান্ড ডিজাইন ইন্ডাস্ট্রির বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় আব্দুল্ল¬াহপুর-ইপিজেড সড়ক শনিবার সকালের দিকে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।
দুইমাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় বৃহস্পতিবার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ ঘোষণা করে যে, শুক্রবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে।
কিন্তু বেতন-ভাতার জন্য শ্রমিকরা শুক্রবার কারখানায় এসে দেখেন মূল ফটকে তালা ঝুলছে। এতে তারা ক্ষুব্ধ হয়ে পড়েন। বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন ফটকের বাইরে। পুলিশ এসে পরিস্থিতি নিয়স্ত্রনে আনে।
পরদিন আবার তারা কারখানায় যান এবং যথারীতি তালা ঝুলতে দেখেন মূল ফটকে। এতে ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল করার পাশাপাশি অবরোধ করে আব্দুল্ল¬াহপুর-ইপিজেড সড়ক। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন বলেন, মালিক পক্ষের সঙ্গে ফোনে কথা বলে রোববার ১২টার মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার ব্যবস্থা নিতে বলেছি। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
