২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিসহ মীর্জা খোকনের পিস্তল জব্দ

বৃহষ্পতিবার গভীর রাতে পুলিশ সাবেক পূর্তমন্ত্রী মীর্জা আবাসের ছোট ভাই ওয়ার্ড কমিশনার মীর্জা খোকনের পিস্তলটি ৫০ রাউন্ড গুলিসহ জব্দ করেছে। তবে খোকনকে গ্রেফতার করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 10:01 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ছয় দিন পেরিয়ে গেলেও মীর্জা খোকনের গুলিবিদ্ধ স্ত্রী মাসুদা আক্রামের পরিবার এমনকি পুলিশও এ ব্যাপারে কোনো মামলা করেনি।

গোলাগুলির ঘটনার পর থেকে পলাতক সময় কাটিয়ে খোকন বৃহষ্পতিবার গভীর রাতে তার ৮৭১, দক্ষিণ শাজাহানপুরের বাসায় ফিরেছেন। তিনি সংবাদ মাধ্যমের কারো সঙ্গে অবশ্য কথা বলছেন না। টেলিফোন ও মোবাইলও কেউ ধরছে না।

তবে গত বৃহষ্পতিবার ঢাকা সিটি কর্পোরেশনের প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, পরিষ্কার করার সময় অসাবধানতাবশত তার পিস্তল থেকে হঠাৎ একটি গুলি বেরিয়ে তিনি নিজে এবং স্ত্রী মাসুদা আহত হন।

গুরুতর জখম তার স্ত্রীকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলেও খোকন পলাতক ছিলেন। পাশাপাশি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় মীর্জা আব্বাসের পরিবার।

এ ব্যাপারে মাসুদার ভাইয়ের ছেলে হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “এটি একটি পারিবারিক সমস্যা। কিন্তু কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে।”

তিনি আরো বলেন, “পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলতে আমাকে নিষেধ করা হয়েছে। তবে সময় হলে এবং ফুফু সুস্থ হলে আমরাই প্রয়োজনে আপনাদের ডাকব।”

মতিঝিল থানার ওসি আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “৫০ রাউন্ড গুলিসহ মীর্জা খোকনের পিস্তল ও লাইসেন্স জব্দ করা হয়েছে। তবে তিনি যেহেতু স্বীকার করেছেন, ভুলবশতঃ তার পিস্তলের গুলি বের হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। একারণে তাকে গ্রেফতার করা হয়নি। ”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছয় দিন পেরিয়ে গেলেও এব্যাপারে কোনো মামলা হয়নি কারণ, গুলিবিদ্ধ মাসুদার সঙ্গে পুলিশ কথা বলতে পারেনি। আজ (শুক্রবার) আমি নিজে হাসপাতালে তিন ঘন্টা অপেক্ষা করেও তার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি।”

মাসুদার আত্মীয়-স্বজনরা মামলা করবেন কিনা তা পরে জানাবেন বলে ওসি জানান।

হাসপাতাল সূত্র জানায়, মাসুদার স্বজনরা শুক্রবার বিকেলে তার সঙ্গে কথা বলেছে। তার অবস্থা উন্নতির দিকে।