কুড়িগ্রামে আকস্মিক সেনা অভিযান, আটক ২
কুড়িগ্রামে বৃহস্পতিবার রাতে সেনা সদস্যরা স্থানীয় এক বিএপি নেতা ও এক যুবলীগ কর্মীকে আটক করেছে। একই রাতে তারা জাতীয় পার্টি ও শ্রমিক লীগ নেতাকর্মীদের বাসায় অভিযান চালায়।
কুড়িগ্রামে সেনা সদস্যরা বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলা জাতীয় পার্টি ও জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি চৌধুরী সফিকুল ইসলাম, শ্রমিক লীগ জেলা সভাপতি আব্দুল করীম মধু, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সামিউর রহমান হীরা এবং পৌর যুবলীগ সদস্য আসাদুজ্জামান জুয়েলের বাসায় অভিযান চালায়। অভিযানকালে সদর থানা পুলিশের একটি দলও তাদের সঙ্গে ছিল।
জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সামিউর রহমান হীরা ও পৌর যুবলীগের সদস্য আসাদুজ্জামান জুয়েলকে এ সময় আটক করা হয়।
বৃহত্তর রংপুর অঞ্চলের সেনা কমান্ডার কর্নেল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসাবে অভিযান চালানো হয়।
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরীর ছোট ভাই চৌধুরী সফিকুল ইসলামের বাসায় তল্লাশি শেষ হয় ভোর রাত ৪ টার দিকে। এর আগে ‘অপারেশন ক্লিনহার্ট’ এর সময়ও সেনা সদস্যরা তার বাসায় অভিযান চালিয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, তল্লাশি চলাকালে কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। তবে এগুলোর লাইসেন্স থাকায় তদন্তভার পুলিশের কাছে ছেড়ে দেওয়া হয়। কিসের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে-এ প্রশ্ন করা হলে ওই কর্মকর্তা বলেন, “আমরা সন্ত্রাসী চিনি না। পুলিশের রেকর্ড দেখেই সাধারণত এ অভিযান চলছে।”
অভিযানের সময় হীরা ও জুয়েলকে আটক করে কুড়িগ্রাম সার্কিট হাউসে অবস্থিত সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
