২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ডাকাতের গুলিতে নিহত ১

ফেনীতে ডাকাতের গুলিতে এক বাড়ির তত্ত্বাবধানকারী নিহত ও গৃহকর্ত্রী গুরুতর আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বৃহস্পতিবার গভীর রাতে ১৫/২০ জনের একদল ডাকাত সদর উপজেলার ধনিয়া বাজারের পাশে অলি আহমদ কম্পানির বাড়িতে হানা দেয়। তারা দরজা ভাঙ্গতে চাইলে তত্ত্বাবধানকারী মো. ইসমাইল (৩০) তাদের বাধা দেয়।

বাধা পেয়ে ডাকাত দল এলোপাথাড়ি গুলি ছুড়লে ইসমাইল ঘটনাস্থলে নিহত ও অলি আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) গুরুতর আহত হয়। এসময় এলাকাবাসী জড়ো হয়ে চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

শুক্রবার ভোরে ডাকাতরা পার্শ্ববর্তী গ্রামের ইদ্রিস কম্পানির বাড়ি থেকেও নগদ টাকা, স্বর্ণালংকার ও মুল্যবান সামগ্রীসহ দুই লাখ টাকারও বেশী মালামাল নিয়ে যায় বলে ওই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

পুলিশ ইসমাইলের লাশ উদ্ধার করে ফেনী হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শুক্রবার বিকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। এ ব্যাপারে ফেনী থানায় মামলা করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সোমবারিয়া বাজারে একদল যুবক প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দেয়। বিষয়টি ফেনী থানা পুলিশের একজন এসআইকে জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ওই যুবকরাই এ ঘটনাটি ঘটিয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে ।

ফেনী থানার ওসি ভুঁইয়া মাহবুব হাসানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “আমাকে এ ব্যাপারে কেউ কিছু জানায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।”