সাভার, মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন মুন্সীগঞ্জ ও সাভারে। আহত হন আরও পাঁচজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বালীগাঁও-লৌহজং-ঢাকা সড়কে গাংচিল পরিবহনের একটি বাস পেছন থেকে বালিগাঁওগামী একটি স্কুটারকে ধাক্কা দেয় লৌহজং উপজেলার বেজগাঁওয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে। এতে স্কুটার আরোহী কাওসার ঘটনাস্থলে মারা যান। আহত হন পাঁচ যাত্রী।
তাদের স্থানীয় স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন কিরন বেগম (৩০), পরভীন আক্তরি (২৬), সজল দেওয়ান (১২), সফুরা (৭৫), হায়াদার দেওয়ান (৭০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানান, উলাইল বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় তথ্য মন্ত্রণালয়ের একটি মাইক্রোবাসের ধাক্কায় গার্মেন্টস কর্মী দুলাল (৪৮) ও ফিরোজ (১৮) ঘটনাস্থলেই নিহত হন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ।
এ ব্যাপারে সাভার থানায় মামলা হয়েছে।
পুলিশ বাস ও মাইক্রোবাসটি আটক করলেও চালক দুজন পালিয়ে গেছে।
আটক মাইক্রোবাসটি যে তথ্য মন্ত্রণালয়ের সে কথা স্বীকার করে সাভার থানার শিক্ষানবীস সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেছেন, মাইক্রোবাসটি ছাড়িয়ে নেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে তার কাছে কয়েকবার ফোন করা হয়েছে।
