জঙ্গিদের ফাঁসি কবে?
মঙ্গলবারের মধ্যেই শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ ৭ জঙ্গির ফাঁসি কার্যকর করার কথা থাকলেও এ বিষয়ে কিছুই এখনও চূড়ান্ত হয়নি।
গত ২৮ নভেম্বর আপিল বিভাগ তাদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার পর ২৬ দিন পার হয়ে গেলেও কবে তাদের ফাঁসি কার্যকর হবে তা অনিশ্চিত।
ফৌজদারি আইন বিশেষজ্ঞদের মতে, কারা বিধি অনুসারে রায় জানার সর্বোচ্চ ২৮ দিনের মধ্যে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার বিধান রয়েছে। ওই হিসেবে ২৬ ডিসেম্বরের মধ্যে জঙ্গিদের ফাঁসি হওয়ার কথা।
এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলীদের মতে, কারা কর্তৃপক্ষ রায়ের অনুলিপি পাওয়ার ৭ দিনের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে।
এ বিষয়ে ডেপুটি হেলালউদ্দিন মোল্লা এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “তার জানা মতে এ মামলার রায়ে এখনও আপিল বিভাগের সব বিচারক স্বাক্ষর করেননি। সবার স্বাক্ষর পাওয়ার পর কারা কর্তৃপক্ষের কাছে রায় পৌঁছালেই ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।”
তিনি বলেন, “আমার জানা মতে এ মামলায় কেউই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানাননি।”
ফৌজদারি আইনজীবী আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জঙ্গিদের ফাঁসি এখনই কার্যকর করা উচিত। কারণ কারা বিধি অনুসারে কারা কর্তৃপক্ষ রায় জানার ২১ থেকে ২৮ দিনের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর করতে হবে।”
তিনি আরো বলেন, “শুনেছি জঙ্গিরা নাকি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চায়। বেআইনি হলেও তাদের তা করতে দেওয়া উচিত। কারণ এ মামলার বিভিন্ন পর্যায়ে বেআইনি অনেক কাজ করা হয়েছে। যেমন কারা বিধি লঙ্ঘন করে তাদের উপ কারাগারে রাখা হয়েছে। তাদের সাদা কাগজে লেখা দরখাস্তকে আপিল হিসাবে বিবেচনা করে বেআইনিভাবে আপিল বিভাগে শুনানি হয়েছে।”
ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় গত ২৮ নভেম্বর জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ ৭ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জঙ্গিদের দায়ের করা আবেদন ওই সময় খারিজ করে দেওয়া হয়।
ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ গত ২৯ মে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জামাতা আবদুল আওয়াল, বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন, মজলিস-ই- সুরার সদস্য খালেদ সাইফুল্লা ও আসাদুল ইসলাম আরিফকে (পলাতক) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের রায় প্রদান করেন।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত ৩১ আগষ্ট জঙ্গিদের ফাঁসির আদেশ বহাল রাখে।
