২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সংঘর্ষে একজন নিহত

ঝিকরগাছা উপজেলার বর্নী গ্রামে শুক্রবার সকাল ৮ টার দিকে গ্রামবাসীদের সংঘর্ষে কবির হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। নিহত যুবক ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 02:35 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

আহতদের যশোর ও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ককটেল, চার রাউন্ড গুলি, তিনটি ভাঙ্গা হকিস্টিক ও রক্তমাখা মাফলার উদ্ধার করেছে।

এলাকাবাসী জানায়, সম্প্রতি বর্র্নী গ্রামের জনৈক ইসমাইলের একটি শ্যালো মেশিনের একটি যন্ত্রাংশ চুরি হয়। এ নিয়ে সালিশ বৈঠক হওয়ায় বিএনপি কর্মী ও স্থানীয় ইউপি মেম্বার খায়েরের সঙ্গে ছাত্রলীগ কর্মী কবিরের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকালে কবির তার দলবল নিয়ে খায়ের মেম্বারের বাড়িতে চড়াও হলে খায়ের মেম্বারের চিৎকারে গ্রামের লোকজন এসে তাদের ধরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে কবির ঘটনাস্থলেই মারা যায়।

গুরুতর আহত হয় জসিম, জহিরুল ও বিপ্লব। এরা সবাই যুবলীগের কর্মী। আশঙ্কাজনক অবস্থায় জসিম ও বিপ্লকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর আওয়ামী লীগ কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং বিএনপি ও জামায়াত কর্মীদের এলাকা ছাড়তে বাধ্য করে। এসময় তারা প্রায় ৩০/৩৫ টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং লুটপাট ও ভাংচুর চালায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে যশোরের পুলিশ সুপার জহিরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত আছে বলেও তিনি জানান।