যশোরে পুলিশ-ডাকাত গুলিবিনিময়, আটক ৬
যশোর সদরের মালঞ্চী নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ডাকাত ও পুলিশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ এসময় অস্ত্র ও গুলিসহ ছয় ডাকাতকে আটক করেছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলো হচ্ছে একটি পাইপগান, ৬টি রামদা ও ২ রাউন্ড বন্দুকের গুলি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানার এসআই মনিরুল ইসলাম ফোর্স নিয়ে সন্ধ্যায় যশোর-বেনাপোল সড়কের মালঞ্চী গেঞ্জি কারখানার সামনে গেলে ১০/১২ জন ডাকাত পুলিশকে লক্ষ করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা জবাবে পাঁচ রাউন্ড গুলি চালায়। এসময় পুলিশের একটি গুলি ডাকাত দলের সদস্য মোস্তফার পায়ে লাগে।
পুলিশ তাকেসহ ছয়জনকে আটক করতে সক্ষম হয়, অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ মোস্তফাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতয়ালি থানার ওসি আবদুল কাদের বেগ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
