সাতকানিয়ায় সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ
সাতকানিয়ার খাগরিয়া এলাকায় বৃহস্পতিবার সকাল ১০ টায় পুকুর খনন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতরা হলেন, নুরুল ইসলাম (৫০), আব্দুল মোনাফ (৪০), ইউনুস (৩৬), আরব আলী (৩৫) এবং শাহ আলম (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনের নাম জানা যায়নি।
মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ শাহজাহান বলেছেন, সাতজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা গেছে, গ্রামের এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় এক পক্ষ পুকুর কাটতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে দুপক্ষে গোলাগুলি শুরু হয়।
সহকারি পুলিশ সুপার মোহাম্মদ মুনতাসীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং দুই পক্ষের মালামাল জব্দ করা হয়েছে।
