বিচারকের বাসায় দৈনন্দিন মামলার শুনানি নিয়ে প্রশ্ন
বিচারকের বাসায় আদালত বসিয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে দৈনন্দিন মামলা পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ডাকা হরতালের মধ্যে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারকার্য না চললেও একজন বিচারকের বাসায় বৃহস্পতিবার আদালত বসে।
বৃহস্পতিবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারক মীর হাসমত আলীর খিলগাঁওয়ের বাড়িতে দুপুর সাড়ে ১২টা থেকে আধঘন্টা বিচারকাজ চলেছে বলে ডেপুটি এ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের ওই আইনজীবী সেসময় সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে বিশেষ জরুরি কোনো বিষয় ছাড়া কোনো বিচারকের বাসায় আদালত বসিয়ে নিয়মিত মামলা শুনানির বিষয়টি নজিরবিহীন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন বিষয়টিকে নজিরবিহীন বলে মন্তব্য করে বলেন, এর আগে এমন ঘটনা কখনো দেখা যায়নি।
হেলালউদ্দিন জানান, মীর হাসমত আলীর বাসায় ১০ থেকে ১২ জন আইনজীবী শুল্ক, পদোন্নতি, ও বদলি সংক্রান্ত রিটসহ নানা ধরনের মামলার শুনানি হয়েছে।
সাধারণত হরতাল ও অবরোধের মত কর্মসূচিতে সুপ্রিম কোর্টের কোনো আদালত বিচারকার্য করেন না। অবশ্য এর আগেও বিচারপতি মীর হাসমত আলীর আদালত বসেছিল।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এম ইনায়েতুর রহিম দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান হরতালের দিন সাধারণত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কোনো আদালত বসেনা। তবে কোন জরুরি বিষয় হলে বিচারকের বাসভবনে তার ওপর শুনানি হতে পারে। কিন্ত তাই বলে বিচারকের বাসায় আদালত বসিয়ে তালিকার সব মামলার উপর শুনানি গ্রহণের উদাহরণ এর আগে কখনো নেই।
অবশ্য ডেপুটি এ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লার মতে, বিচারকগন ২৪ ঘন্টা দায়িত্বে থাকেন। তাঁরা যে কোনো জায়গায় আদালত বসাতে পারেন এবং মামলার ওপর শুনানি গ্রহণ বা আদেশ দিতে পারেন।
