রাজধানীতে যাত্রীবাহী বাসে ডাকাতি
ডাকাতরা একটি বাসে ডাকাতি করে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেটসহ মূল্যবান সবকিছু নিয়ে গেছে রাজধানীর জুরাইন এলাকায় বুধবার বিকেলে।
পুলিশ বাসটি আটক করেছে। গ্রেপ্তার করেছে চালক লাভলু খালাসিকে। তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়।
যাত্রীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে বাসটি জুরাইন রেলগেট এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ৬/৭ ডাকাত অস্ত্রের মুখে তাদের সবকিছু কেড়ে নেয়। কয়েক যাত্রী বাধা দিলে ডাকাতরা তাদের মারধোর করে।
শ্যামপুর থানার এসআই করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা বাসের চালককে গ্রেপ্তার করেছি। তবে ডাকাতদের কাউকে গ্রেপ্তার করতে পারিনি।”
তিনি জানান, বার বার অনুরোধ করা সত্তেও যাত্রীরা থানায় গিয়ে মামলা করতে রাজী না হওয়ায় কি পরিমাণ টাকা বা মালামাল লুট হয়েছে তা তিনি বলতে পারবেন না।
